দুমকিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

| আপডেট :  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২  | প্রকাশিত :  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোশতাক আহম্মেদ পিনু।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য ও বাস মালিক সমিতির সভাপতি ইমাম মোঃ নাছির উদ্দিন, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদারসহ দুমকি উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই সাথে বক্তারা পটুয়াখালীর দুমকি ও মির্জাগঞ্জে যুবদলের নতুন কমিটিতে যারা প্রকৃত আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন তাদের অবহেলা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন।

সভায় ১ সেপ্টেম্বর এক আলোচনা সভায় আলতাফ হোসেন চৌধুরীর দেয়া বক্তব্যেরও তীব্র নিন্দা জানানো হয়। ওই বক্তব্যে তিনি বলেন, “২০০১ সালে বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য লোক ভাড়া করেছিলো, হত্যা করতে না পেরে তাদেরকে আশ্রয় দেয় বর্তমান জেলা বিএনপির সভাপতি কুট্টি সরকার”।

বক্তারা এ বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে না পারলে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত