যদি কেউ চাঁদা চায়, থানায় সোপর্দ করবেন, আর না হয় আমাকে জানাবেন: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে কোনো ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা চায়, থানায় সোপর্দ করবেন। আর না হয় আমাকে জানাবেন। রাস্তার কাজে যেন অনিয়ম না হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মুরাদনগর টু রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক ৫২ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন, তাঁকে অনুরোধ করব, সড়কের কাজটা সঠিকভাবে করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা চায়, ঘুষ চায়, তাকে থানায় সোপর্দ করবেন। না হয় আমাকে জানাবেন।’
তিনি বলেন, ‘মুরাদনগর হবে চাঁদাবিহীন, ঘুষবিহীন ও দুর্নীতিমুক্ত।’
সড়কের কাজের মান ঠিক রাখার ওপর গুরুত্ব দিয়ে ধর্মমন্ত্রী বলেন, যিনি কাজটি পেয়েছেন, তাঁকে ভালোভাবে কাজ করার জন্য সহযোগিতা করতে হবে। সড়কটি ভালো হলে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
মুরাদনগরে বিভিন্ন সড়ক সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগের কথা তুলে ধরে কায়কোবাদ বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটির সংস্কারকাজ হচ্ছে।’ গত কয়েক মাসে মুরাদনগরে বেশ কয়েকটি সড়ক সংস্কার ও প্রশস্ত করার সুযোগ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনারা আমাকে মাননীয় মন্ত্রী বলবেন না, আমি আপনাদের কামলা। ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের কাজ করে যাচ্ছি, কাজ করে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, বিএনপি নেতা শরীফ আহমেদ মীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাছান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, বিএনপি নেতা মো. মাহমুদ, মারফত আলী, ওমর ফারুক সোহাগ, মো. আলী, ইকবাল হোসেন, ঠিকাদার দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
