ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও, এমনকি ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালাবে ইরান।
বুধবার সম্প্রচারিত লেবাননভিত্তিক আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, যদি মার্কিন বিমান কোনো মার্কিন সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে, সেটি ইউরোপের কোনো দেশে অবস্থিত হলেও কিংবা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে থাকলেও এবং ইরানে বোমা হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়, তাহলে আমরাও ওই ঘাঁটিগুলোতে হামলা চালাব।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে তার জবাবে ইরান ‘আমেরিকার আরও দূরবর্তী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে—যেগুলোর মধ্যে এমন স্থাপনাও রয়েছে, যেগুলোতে আমরা এখনও হামলা চালাইনি।’ তবে তিনি নির্দিষ্ট করে কোনো স্থাপনার নাম উল্লেখ করেননি।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমরা এমন কিছু দ্বীপেও হামলা চালাতে পারি, যেগুলোকে তারা মনে করে আমাদের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে। সাক্ষাৎকারটি তেহরানে নেয়া হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।
এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের অবসান ঘটাতে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
তেহরান জোর দিয়ে বলছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিনিময়ে ওয়াশিংটনকে একাধিক দাবি মেনে নিতে হবে। এসব দাবির মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। যুদ্ধের শুরু থেকেই গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটি ইরান অবরুদ্ধ করে রেখেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুদ্ধ শুরুর অন্যতম যুক্তি হিসেবে তুলে ধরেছে। তবে রেজায়ি বলেছেন, পারমাণবিক ইস্যুটি ‘বর্তমানে’ আলোচনার অংশ নয়। তিনি আরও বলেন, তেহরান ইতোমধ্যে কিছু চূড়ান্ত সীমারেখা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে, ‘সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য পরিমাণও ইরানের বাইরে পাঠানো হবে না।’
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বহু বছর ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই মাত্রার ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ সমৃদ্ধকরণের মাত্রার কাছাকাছি।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে উল্লেখ করে দেশটিতে নতুন করে হামলা চালানোর কোনো প্রয়োজন নেই।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নতুন করে হামলার হুমকি কমিয়ে এনেছে বলে মনে হচ্ছে। এর পেছনে আংশিকভাবে রয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
