দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ড্রাফট থেকে দল পেলেন কোচরা

ছয়টি নতুন দল। তিনটি ভিন্ন ফরম্যাট। ৪২ ম্যাচের প্রতিযোগিতা। যেখানে থাকবে সাতটি চারদিনের ম্যাচ, ১৬টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ। ঘরোয়া ক্রিকেটের তিনটি আসর জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি এবং বিসিএল ওয়ানডে ও চারদিনের আসরকে এক ছাতার নিচে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রতিযোগিতা ‘ডি থ্রি’ টুর্নামেন্ট।
ব্যতিক্রমী এই আয়োজন এবার নতুন আরেকটি চমক দেখাল। আগে কোচিং স্টাফরা ড্রাফট থেকে দলভুক্ত করতো ক্রিকেটারদের। এবার আইকন ক্রিকেটাররা দলে নিল কোচিং স্টাফদের। প্রথমবারের মতো দেশের ক্রিকেটে ড্রাফট থেকে দল পেলেন কোচরা।
এই আয়োজনের জন্য ছয়টি দলও বিক্রি করেছে বিসিবি। এইস ব্লুব স্টার, সিনিজেন্স ব্যাংক, সেভেন রিংস সিমেন্ট, একমি, ফরচুন এবং ওয়ালটন গ্রুপ তিন বছরের জন্য ডি থ্রি প্রতিযোগিতার ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছে। তাদের অংশগ্রহণে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয় টিম ম্যানেজমেন্ট ড্রাফট।
মূল প্রতিযোগিতা শুরু হবে ডিসেম্বরে। ১৫ ডিসেম্বর বরিশালে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হবে আসর। এরপর জানুয়ারিতে হবে চারদিনের প্রতিযোগিতা। আগামী বছরের মে মাসে হবে ওয়ানডে আসর।
তিন সংস্করণের নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির ছয় দলের দায়িত্বে থাকছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কোচরা। ড্রাফট থেকে ছয়টি করপোরেট মালিকানাধীন দল একজন প্রধান কোচ, দুজন সহকারী কোচ ও একজন ফিজিও বেছে নিয়েছে। এইস ব্লুব স্টার প্রধান কোচ হিসেবে বেছে নেয় সোহেল ইসলামকে। দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার। ফিজিও হিসেবে জয় বিশ্বাসকে বেছে নিয়েছে দলটি।
জাতীয় দলের সাবেক বাংলাদেশ অধিনায়ক রাজিন সালেহকে প্রধান কোচ করেছে একমি। তার সহকারী হিসেবে থাকবেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন। ফিজিও হিসেবে নিয়োগ পেয়েছেন আবু রেজা মো. শরীফুল হাসান। সিটিজেনস ব্যাংক মিজানুর রহমান বাবুলকে প্রধান কোচ করেছে। সহকারী কোচ হিসেবে তারা নিয়েছে নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিমকে। খায়রুল ইসলাম ফিজিওর দায়িত্বে থাকবেন। ফরচুনের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। মোহাম্মদ আশরাফুল ও আব্দুল করিম জুয়েল থাকবেন সহকারী হিসেবে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান ফুরচনের দায়িত্ব সামলাবেন।
সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচ হয়েছেন তালহা জুবায়ের। তার সহকারী হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ হান্নান সরকার। সঙ্গে থাকবেন হুমায়ুন কবির শাহিন। দলটির ফিজিও দেলোয়ার হোসেন। ওয়ালটন গ্রুপ জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে প্রধান কোচ করেছে। তার সহকারী হিসেবে থাকবেন তুষার ইমরান ও ডলার মাহমুদ। ফিজিও হিসেবে দায়িত্ব পালন করবেন এনামুল হক।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর দলগুলো নিজেদের আইকন ক্রিকেটার বেছে নেন। ওয়ালটন গ্রুপ নেয় মেহেদী হাসান মিরাজকে। ফরচুন দলে নেয় তাওহীদ হৃদয়কে। একমি বেছে নেয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। এরপর সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, এইস ব্লু স্টার নুরুল হাসান সোহানকে এবং সিটিজেন্স ব্যাংক নাঈম শেখকে দলে নেয়। আজকের টিম ম্যানেজমেন্ট ড্রাফটে দলের টেবিলে দেখা যায় মিরাজ, মুশফিকুর, সোহান ও নাঈম শেখকে।
প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দলগুলো বাকি ক্রিকেটারদের দলে নেবে। সব মিলিয়ে ২৩ ক্রিকেটার দলে নেওয়া যাবে। ২৬ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টের জন্য ক্রিকেটাররা সবাই পাবেন সমান পারিশ্রমিক। কিছুদিন আগে যে আর্থিক কাঠামো ঘোষণা করেছে বিসিবি, সেই অনুযায়ীই ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা- প্রথম শ্রেণির ক্রিকেটে দেড় লাখ টাকা, একদিনের ম্যাচে এক লাখ ও টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
