পদত্যাগপত্র জমা দিয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে যান তিনি।
সেখানে কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে আসেন।
তবে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি এড়িয়ে যান মিষ্টি। তার দাবি, স্পিকার ডাকায় দেখা করতে গিয়েছিলেন।
বের হওয়ার সময় সংসদ ভবনের টানেলে সাংবাদিকেরা ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করেন।
তবে তিনি প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি। আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি।’
পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’
উপস্থিত সাংবাদিকরা জানান, সংসদে প্রবেশের সময় তার হাতে একটা ফাইল ছিল।
তবে সংসদ থেকে খালি হাতে বের হন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ প্রসঙ্গে স্পিকারের অফিস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এরপর তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
