রিয়াদে আরামকোর স্থাপনার কাছে আগুন-ধোয়ার কুণ্ডলী

| আপডেট :  ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫  | প্রকাশিত :  ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫

সৌদি আরবের রাজধানী রিয়াদে শীর্ষ তেল-গ্যাস কোম্পানি আরামকোর একটি স্থাপনার পাশে আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শনিবার (৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমনকি রয়টার্সের মন্তব্যের অনুরোধেও তাৎক্ষণিক কোনও সাড়া দেয়নি আরামকো কর্তৃপক্ষ।

সৌদি আরব এবং ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে হুতিরা।

তবে শনিবারের এই অগ্নিকাণ্ডের দায় তাৎক্ষণিকভাবে কোনও পক্ষ স্বীকার করেনি।

গত সপ্তাহে হুতিরা দাবি করেছিল, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সে সময়ে সৌদি আরব জানিয়েছিল, তায়েফ এবং ইয়ানবু এলাকার দিকে হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। তবে সেসময় আরামকোর স্থাপনায় কোনও ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি।

এরপর মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রেও হুতিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে সৌদি আরব।

এদিকে ইয়েমেনের রাজধানী সানা, সাদা ও তাইজ গভর্নরেটে ইয়েমেনের সৌদি সমর্থিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চলছে হুতিদের। কয়েকটি শহরে একযোগে চলমান এসব সংঘাতে হাজারখানেক হুতি সদস্য হতাহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। যদিও স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত