ইরান যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত

ইরান জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শনিবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ইরান যুদ্ধ এবং সৌদি-হুথি সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ ক্যাবিনেট সদস্যরা দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। অত্যন্ত অস্বাভাবিক এই বৈঠকের কথা ট্রাম্প প্রশাসন আগে থেকে ঘোষণা করেনি। এর আগে এমন একটি বৈঠক হয়েছিল ২০২৫ সালের জুন মাসে-ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঠিক কয়েক দিন আগে। এতে ইঙ্গিত মিলছে, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের ওপর পুনরায় হামলা শুরু করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত সপ্তাহে হামলার হুমকি দিয়েছিলেন।
বৃহস্পতিবার তিনি বলেছিলেন, “এখন আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে: হয় ইরান চুক্তিতে স্বাক্ষর করবে, নয়তো তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না।”
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা ‘সম্পূর্ণ প্রস্তুত।’
ইরানের সামরিক বাহিনী যে ‘ক্রমাগত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে চলেছে’ তা কথা উল্লেখ করে আকরামিনিয়া বলেন, সশস্ত্র বাহিনী এবং “ইরানি জাতির দৃঢ়তা শত্রুদের সব হিসাব-নিকাশ নস্যাৎ করে দিয়েছে; কারণ তারা ভেবেছিল যে মাত্র কয়েক দিনের মধ্যেই তারা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে।”
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
