নেতানিয়াহুর নির্বাচনি অগ্রগতির কৃতিত্ব নিলেন ট্রাম্প, বললেন তার সমর্থনেই ঘুরেছে ভোটের হাওয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনি অগ্রগতির কৃতিত্ব নিজের ‘সমর্থনকে’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আংশিক ফলাফলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনো নিশ্চিত হয়নি। এরই মধ্যে কৃতিত্ব দাবি করে বসলেন ট্রাম্প।
বুধবার (২৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নেতানিয়াহুর প্রতি তার সমর্থন ঘোষণার পর নির্বাচনের পরিস্থিতি পাল্টে গেছে।
পোস্টে ট্রাম্প লেখেন, তার সমর্থন ঘোষণার আগে নেতানিয়াহুর বড় পরাজয়ের আশঙ্কা থাকলেও এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা অমীমাংসিত থাকতে পারে, এমনকি নেতানিয়াহুর জয়ও হতে পারে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থেই তিনি এ সমর্থন দিয়েছেন।
নেতানিয়াহুর নির্বাচনি অগ্রগতির কৃতিত্ব নিলেন ট্রাম্প, বললেন তার সমর্থনেই ঘুরেছে ভোটের হাওয়া
এর আগে টেক্সাসে একটি সমাবেশে অংশ নেওয়ার পর সাংবাদিকদের ইসরায়েলের নির্বাচন নিয়ে প্রশ্নের জবাব দেন ট্রাম্প। তিনি বলেন, বুথফেরত জরিপ থেকে শুনেছেন, নেতানিয়াহু ভালো করছেন। তার মতে, সমর্থন ঘোষণার পর তা নেতানিয়াহুকে অনেক সাহায্য করেছে।
নির্বাচনের ফল আসতে শুরু করার পর নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তাদের মধ্যে কথা হয়নি।
গত ১৮ অক্টোবর নেতানিয়াহুর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন ট্রাম্প। ইসরায়েলের নির্বাচনের মাত্র ৯ দিন আগে দেওয়া ওই পোস্টে তিনি নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন এবং ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলে অভিহিত করেন।
ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর বিকল্প কোনো নেতা ক্ষমতায় এলে ইরানকে মোকাবিলার ক্ষেত্রে ওয়াশিংটন একই ধরনের অংশীদারত্ব পাবে না।
এর কয়েক দিন আগেই অবশ্য ট্রাম্প বলেছিলেন, ইসরায়েলের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি তিনি তখনো ‘একবারও ভাবেননি’। তবে পরে সমর্থন দেওয়ার সম্ভাবনাও নাকচ করেননি তিনি।
তবে আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
