কেশম দ্বীপে মার্কিন হামলা, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের

আট মাস ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে মধ্যস্থতার অগ্রগতি এবং আলোচনার ইতিবাচক বার্তার মধ্যেই কাস্পিয়ান ও পারস্য উপসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এক সামরিক পদক্ষেপে হরমুজ প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে সীমিত প্রতিরক্ষা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের সন্দেহভাজন পরমাণু কেন্দ্র ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ মাত্র এক ঘণ্টার মধ্যে গুঁড়িয়ে দেয়ার প্রকাশ্যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ইতোমধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের সব সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। পিকঅ্যাক্স পাহাড়ের বাকি স্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাদের সম্ভাব্য পরমাণু ক্ষমতার সবটুকু বোমাবর্ষণ করে ধ্বংস করেছি। এখন হয়তো আমাদের পিকঅ্যাক্সের পেছনে লাগতে হতে পারে, তবে সেটা কোনো বড় বিষয় নয়। আমরা চাইলে যেকোনো সময়, মাত্র এক ঘণ্টার মধ্যেই তা করতে পারি।
ট্রাম্পের জনপ্রিয়তায় ধস ও রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটদের থাবাট্রাম্পের জনপ্রিয়তায় ধস ও রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটদের থাবা
এর আগে ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হয়ে যেতে পারে এবং তেহরান খুব দ্রুত সমঝোতা চায়। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে জ্বালানির চড়া দাম ও যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের মুখে ওয়াশিংটন চুক্তি সইয়ের সংকেত দিলেও, ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, কেশম দ্বীপে পরপর পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে, যা গোপন মার্কিন সামরিক অভিযানের অংশ।
এদিকে তেহরানে এক সভায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তাঁর প্রশাসন আলোচনার মাধ্যমেই শত্রুদের তৈরি সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করবে।
সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, পেজেশকিয়ান নিশ্চিত করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কূটনৈতিক সমাধান খোঁজার জন্য সরকারকে সুনির্দিষ্ট কিছু নীতিগত ক্ষমতা ও অনুমোদন দিয়েছেন। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, যুদ্ধে কারও লাভ হয় না। তবে শত্রুরা কোনোদিনও ইরানকে নতিস্বীকার করাতে পারবে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে তা ভেস্তে দেওয়ার অঙ্গীকার করেন।
ইরান-মার্কিন এই যুদ্ধবিরতি বার্তার টানাপোড়েনের মধ্যেই আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সৌদি আরব তাদের রাজধানী রিয়াদের ওপর দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এ ছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি-গালফ নিউজ
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
