নেতানিয়াহু সরকারকে হটাতে বিরোধীদের সমঝোতা, স্পিকার পদে মাতান কাহানা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির বিরোধী দলগুলো পার্লামেন্টের (নেসেট) স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণে সমঝোতায় পৌঁছেছে।
মঙ্গলবার যৌথ এক বিবৃতিতে জানানো হয়, সাবেক মন্ত্রী মাতান কাহানাকে পরবর্তী নেসেট স্পিকার এবং ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যানকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান করার বিষয়ে একমত হয়েছেন বিরোধী নেতারা।
এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল বলছে, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, লিবারম্যান, টুগেদার জোটের নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের মধ্যে এ সমঝোতা হয়েছে।
আইজেনকোটের ইয়াশার পার্টির তালিকায় পঞ্চম অবস্থানে থাকা কাহানাকে কয়েক দিনের আলোচনা শেষে স্পিকার পদের জন্য বেছে নেওয়া হয়েছে।
এছাড়া টুগেদার জোটের নবনির্বাচিত সংসদ সদস্য লিরান আভিশার বেন-হোরিনকে অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহেই পার্লামেন্টের বিভিন্ন কমিটির গঠন চূড়ান্ত করা হবে।
বুধবার অনুমোদনের জন্য এসব প্রস্তাব নেসেটে জমা দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার ইসরায়েলের ২৬তম নেসেটের সদস্যদের শপথ গ্রহণের আগে এ সমঝোতা হলো। বিরোধী দলগুলো বর্তমান স্পিকার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করতে চাইছে।
ওহানা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার নির্বাচনের দাবি জানালে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিতর্কের আয়োজন করবেন তিনি।
তবে ওহানাকে সরাতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনো বিরোধীদের হাতে নেই। আইজেনকোটের চার দলের জোটের হাতে নেসেটের ১২০টি আসনের মধ্যে ৪৮টি রয়েছে। স্পিকার পরিবর্তনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি ভোট।
এদিকে রবিবার ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছিলেন ৪৬ জন সংসদ সদস্য।
সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
