আদমদীঘিতে নবান্ন উৎসব পালিত, নবান্ন উৎসবের গ্রাম শালগ্রাম শত বছরের ঐতিহ্য

| আপডেট :  ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২  | প্রকাশিত :  ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২

মো. হারেজুজ্জামান হারেজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার একটি গ্রাম শালগ্রাম। এই গ্রাম উপজেলার একমাত্র নবান্ন উৎসবের গ্রাম হিসাবে ইতিহাসে স্থান পেতে যাচ্ছে। এই গ্রামের যুবক ওয়ালিউল ইসলাম মিলন ও তার সহযোদ্ধারা “নবান্ন গ্রাম” হিসাবে জি আই সনদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোমবার (১৬ নবেম্বর) উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম গ্রামকে অনুসরণ করে আশপাশের ১০/১২ গ্রামে বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব পালিত হয়েছে।

নবান্ন উৎসব উপলক্ষে শালগ্রামের প্রতিটি বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে নতুন পুরাতন মেয়ে- জামাইসহ নিকটাত্মীয়দের। এই নবান্ন উৎসব উপলক্ষে ৯টি বিশাল আকারের ও ১২টি গরু জবাই করে গোস্তো ভাগাভাগি করে নিয়েছেন সেই ভোরবেলা। এছাড়াও হাটে-বাজারে অনেক মহিষ ও গরুর মাংস বেচা-কেনা করতে দেখা যায় দুপুর পর্যন্ত।

তবে কালের বিবর্তনে এখন বদলে গেছে এই নবান্ন উৎসব। আগে হেমন্তের প্রথম দিন পহেলা অঘ্রানে নতুন ধানের আটায় তৈরি হতো নানা পিঠাপুলি, বাস্প ওঠা ও মিষ্টি গন্ধযুক্ত ধপধপে সাদা ভাত, মহিষ ও গরুর মাংসের পাশাপাশি থাকত নানান মাছের নানা রকম ব্যাঞ্জন। সামর্থ্যবান এবং মধ্যবিত্ত কৃষকের যার যেমন সাধ্যে কুলাই তাই দিয়ে হতো নবান্নের উৎসব।

এসব খাবারের সাথে থাকতো হেমন্ত কালে পাওয়া কিছু ফলফলাদি। ডাগুর কাটা নলেন গুঁড় (খেজুরের লালি) ও পাটালি গুড়। পানিফল, শাপলা-শালুক, পদ্মবীজ, জলপাইয়ের আচার ইত্যাদি। আগে নবান্নের ভুড়ি ভোজের পর রাতে খলায় খলায় বসতো জারি সারি সত্য পীরের গানের আসর। কিচ্ছার আসর ও কীর্ত্তন। এখন বাজে ডেক সেটের সাউন্ড সিস্টেম।

এখন কৃষকের সামর্থ্য একটু বেড়েছে। উত্তর জনপদের প্রায় কৃষকের ঘর থেকে যুবক ছেলেরা বিদেশে পাড়ি জমিয়েছে কাজ করার জন্য। তাদের হাড় ভাঙ্গা খাটুনির পাঠানো রেমিট্যান্স নামক টাকায় বদলে গেছে সত্যি সত্যি কৃষকের নবান্ন উৎসব। এখন আদি আমলের পিঠাপুলি প্রায় উঠেই গেছে। তার জায়গায় স্থান পেয়েছে নবান্ন মেলার বড় বড় মাছ আর মহিষ, গরু, খাসি, ভেড়া গোশতের সমারোহ। এসব নানা রকমের বিদেশী খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে আত্মীয়-স্বজনদের। তবে এবার মেলাকে কেন্দ্র করে আগের সেই ভাব ধারা গুলো ফিরে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়েছে ওই গ্রামের লোকজন।

সোমবার (১৬ নবেম্বর) সকালে সরেজমিনে বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম, কালাইকুড়ি, কোমারপুর, কোমারভোগ, সাগরপুর, কাল্লাগাড়ী, কৈকুড়িসহ বেশ কিছু গ্রামে ঘুড়ে দেখা গেল বাঙ্গালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

এ উৎসব পালন উপলক্ষে প্রতিটি বাড়ীতে জড়ানো হয়েছে মেয়ে-জামাই, নাতি-নাতনি ও আত্নীয়-স্বজন। উৎসবটি পালন করা হচ্ছে ঈদের আমেজে। গ্রামের প্রতিটি বাড়ী থেকে বাতাসে ভেঁসে আসছিল উন্নতমানের খাবার বিশেষ করে মহিষ ও গরুর গোস্ত রান্নার সুবাস। নবান্ন উৎসব পালন উপলক্ষে ওই সব গ্রামসহ আশপাশের প্রায় অর্ধশতাধিক গ্রামে প্রতি বছরের মত এবারো জবাই করা হয়েছে মহিষ ও গরু। গ্রামের প্রতিটি পাড়া মহল্লা ও মোড়ে মোড়ে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুড়ি-ফিতা, আলতা ও বাচ্চাদের খেলার সামগ্রী এবং জিলাপী, রসগোল্লা, চমচম, বাতাসা, মুড়কি ও পাঁপড় ভাজা সহ মূখরোচক নানান পন্যের মেলা।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার শালগ্রামে গিয়ে কথা হল ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দিন তালুকদার ও ব্যবসায়ী যুবক ওয়ালিউল ইসলাম মিলনের সাথে আলাপ করলে বলেন, নবান্ন কোন ধর্মের নয়, এটা বাঙ্গালীর ঐতিহ্য। পূর্ব পূরুষরাও এ উৎসব পালন করেছে। আমরাও করছি, ভবিষ্যৎ প্রজন্মরাও করবে বলে আশা করছি। তারা আরো বলেন এই গ্রামকে নবান্ন উৎসব এর গ্রাম হিসাবে ইতিহাসের পাতায় স্থান করে দিতে জি আই সনদ পাওয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত