ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সরকারপ্রধান বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। আপনাদের জানাই বীরোচিত অভিনন্দন।
মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে যেসব বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন, তা মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
