গোপালগঞ্জে নৈরাজ্য ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় আইনশৃঙ্খলা বাহিনীর

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫

গোপালগঞ্জে নিরাপত্তায় প্রযুক্তির নজর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মূল সড়ক থেকে অলি-গলি, ড্রোনের লাইভ ফুটেজে পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।

মনিটরিং সেন্টারে বসেই মাঠের সদস্যদের নির্দেশনা দিচ্ছেন কর্মকর্তারা। সহিংসতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে প্রযুক্তি, বাড়ানো হয়েছে মাঠপর্যায়ের তৎপরতা। গোপালগঞ্জে শক্ত অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মানচিত্র দেখুন

এ বিষয়ে খুলনা বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান বলেন, ‘এই রুটগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘবদ্ধ জনতার তৎপরতা রয়েছে কি না কিংবা এলাকার সার্বিক পরিস্থিতি কেমন, তা জানতে আমরা টহল দলের সঙ্গে যোগাযোগ করি। এরপর সামনের পরিস্থিতি সম্পর্কে তাদের বিস্তারিত জানাই।’

শুধু নজরদারিতেই সীমাবদ্ধ নয় নিরাপত্তা কার্যক্রম। সাঁজোয়া যান নিয়ে সড়কে টহল, পাশাপাশি পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় অবস্থান ও পর্যবেক্ষণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় নজর রাখা হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও জনসমাগমস্থলে।

এদিকে গোপালগঞ্জ বেজ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান বলেন, ‘এখানে শান্তিপ্রিয় সাধারণ জনগণের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। অন্যদিকে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন এবং বিভিন্ন ধরনের দুষ্কর্মে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।’

সহিংসতা কিংবা নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো ছাড় দিতে নারাজ তারা।

তৈমুর হাসান খান আরও বলেন, ‘গুজবে কান না দিয়ে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এই এলাকার পরিস্থিতি সুন্দর রাখার চেষ্টা করি।’

সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ ৫৬ প্লাটুন বিজিবি। তবে, কতটা আশ্বস্ত সাধারণ মানুষ? সহিংসতার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বাসিন্দারা।

চলমান পরিস্থিতির বিষয়ে স্থানীয়রা বলেন, ‘আমাদের কোনো আয়-রোজগার নেই। সারাদিন পেটে খাবার না দিয়েই কাটাতে হয়। সারাদিন বসে থেকে মাত্র ৯০ টাকা আয় করেছি। আগে কিছুটা ভয় ছিল। তবে রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখেছি।’

গত ১৫ নভেম্বর থেকে উত্তপ্ত গোপালগঞ্জ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় পুড়ে দুটি থানা, পুলিশের বেশ কয়েকটি গাড়ি। তাণ্ডব চালানো হয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়িতেও।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত