অবশেষে বরখাস্ত হলেন ম্যানইউ কোচ

ওলে গুনার সুলশারের অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচের ৬টিতেই হেরেছে ম্যানচেস্টার উনাইটেড লিভারপুলের কাছে ঘরের মাঠে ০-৫ গোলের হারের পর থেকেই তার বিদায় নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। পরের ম্যাচে টটেনহামের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গুঞ্জনটা স্তিমিত হলেও ওল্ড ট্রাফোর্ডে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ০-২ গোলের পরাজয়ে আবারও তার বিদায় নিয়ে সংবাদমাধ্যমগুলো সরগরম হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের প্রোমাটেড দল ওয়াটফোর্ডের কাছে ১-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর ম্যান ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হলেন ওলে গুনার সুলশার। রবিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সামজিক যোগাযোগমাধ্যমে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে সুলশারের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ওলে গুনার সুলশারের অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচের ছয়টিতেই হেরেছে রেড ডেভিলরা। ৩ ড্রয়ের পাশাপাশি জয় এসেছে মাত্র দুটি ম্যাচে। এমতাবস্থায় চাকরিচ্যুত হওয়াই তার জন্য ভবিতব্য মনে হচ্ছিল।
ইংলিশ ক্লাবটির বরাত দিয়ে ফ্যাব্রিজিও রোমানো জানান, গ্লেজারের অনুমোদনের পর দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই শনিবার (২০ নভেম্বর) এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহের ফলাফল আশানুরূপ না হলেও ক্লাবের সাফল্যের ভিত্তি পুনর্নির্মাণের জন্য গত ৩ বছরের অবদানের কথা উল্লেখ করে এ নোরোয়েজিয়ান কোচকে ধন্যবাদ জানায় রেড ডেভিলরা।
ইংলিশ ক্লাবটি আরও জানায়, চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণও পাবেন সুলশার। এছাড়া, তিনি যে সবসময় ক্লাবের একজন কিংবদন্তি হিসেবে বিবেচিত হবেন সেটিও জানায় তারা।
সুলশারের অব্যাহতির পর আপাতত ম্যান ইউনাইটেডের কোচের পদে বসতে যাচ্ছেন মাইকেল ক্যারিক। তিনিই ক্লাবের আসন্ন ম্যাচগুলোতে ডাগআউটে থাকবেন। খুব শিগগিরই মৌসুমের বাকি অংশের জন্য অন্তর্বর্তীকালীন একজনকে নিয়োগ দেবে ক্লাব। সুলশারের মতো তিনিও ক্লাবের একজন সাবেক খেলোয়াড়। পাশাপাশি তিনি সুলশারের সহকারী হিসেবেও দায়িত্বরত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
