বিনা উইকেটে ১৪৫ রান তুলে দিন পার করল পাকিস্তান

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনে ছয় উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ৩৩০ রানে থামিয়ে দেয় পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে পুরো দিন কোনো উইকেট না হারিয়ে তোলে ১৪৫ রান। দারুণ শুরু করে চতুর্থ সেঞ্চুরির পথে ৯৩ রানে অপরাজিত আছেন আবিদ আলি। অভিষিক্ত আব্দুল্লাহ শফিকের সংগ্রহ ৫২ রান।
এর আগে, দিনের শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। আগের দিনের ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নেমে বড় পুঁজি সংগ্রহের আশায় ছিল টাইগাররা। পঞ্চম উইকেটে দুশোর বেশি রানের জুটি সেঞ্চুরিয়ান লিটন দাস ও মুশফিকুর রহিম সকালের সেশনে নতুন বলে খুব বেশি এগোতে না পারায় থমকে যায় বাংলাদেশ।
আগের দিন সেঞ্চুরি করা লিটন আর মাত্র ১ রান যোগ করেই হাসান আলির শিকার হন। পাকিস্তানের এই পেসারের দাপটে সকালের সেশনে ধসে যায় বাংলাদেশ। তার আউটসুইং আর ইনসুইং বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে বিদায় নেন লিটন দাস। অভিষিক্ত ইয়াসির আলি চৌধুরী রাব্বিও লাইন মিস করে হন ক্লিন বোল্ড।
শুরুর ঝাপ্টা সামলে ক্রিজে থাকা মুশফিক তিন অঙ্কের দিকে এগোচ্ছিলেন সতর্কভাবে। কিন্তু ফাহিম আশরাফের মিডিয়াম পেসে মুশফিক বিদায় নেন বড়ো সাদামাটাভাবে। কট বিহাইন্ড রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। বাংলাদেশ মূলত তিনশ’ ছাড়ায় মেহেদী হাসান মিরাজের ব্যাটে। বাকিদের আসা-যাওয়ার মাঝে ৩৮ রান করে অপরাজিত ছিলেন তিনি।
দ্বিতীয় দিনে নেমে মাত্র ৭৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ৩৩০ রানে।
বাংলাদেশের পুঁজি যে মোটেই যথেষ্ট নয় তা বুঝিয়ে দিলেন দুই পাকিস্তানি ওপেনার। লাঞ্চের পর নেমে কোনও রকম সমস্যা ছাড়াই এগোয় পাকিস্তানের ইনিংস। দুই পেসার আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন ছিলেন বির্বণ। ব্যাটসম্যানদের তেমন সমীহ আদায় করতে পারেননি তারা। উল্টো প্রতি ওভারে একাধিক ওভারপিচড বল দিয়ে ব্যাটারদের থিতু হতে সাহায্য করেন এই দুজন।
৩১ রানে এই জুটি ভাঙার বড় সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তাইজুল ইসলামের করা ১৩তম ওভারের পঞ্চম বলটা ভেতরে ঢুকছিল। একটু সরে কাট করতে গিয়ে পরাস্ত হন শফিক। বাংলাদেশের এলবিডব্লিউ আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আর রিভিউ নেননি মুমিনুল হক।
খানিক পর রিপ্লেতে দেখা যায় বল আগে লেগেছিল প্যাডেই। ছিল ইন লাইন, উইকেটও হিট করছিল। অর্থাৎ রিভিউ নিলেই উইকেট পেত বাংলাদেশ।
৭৯ রান তুলে চা-বিরতিতে যায় পাকিস্তান। দিনের শেষ সেশনে আরও নিখুঁত তাদের ব্যাটিং। তাইজুল একবার উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করলেও বাকিটা সময় ছিলেন মলিন। মেহেদী হাসান মিরাজকে খেলতে কোন সমস্যাই হয়নি পাকিস্তানিদের। অধিনায়ক মুমিনুল হকও বল হাতে নিয়েছিলেন। কিছু টার্নও আদায় করতে দেখা যায় তাকে, তবে সেসব বল উইকেট নেয়ার মতো ছিল না।
শফিক একটু ধীর ব্যাট করলেও আবিদ ছিলেন বেশ ইতিবাচক। এই দুজনকেই আলগা করতে না পারা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই প্রচণ্ড হতাশার। এখনো যে ব্যাট করার জন্য বাকি বাবর আজম, আজহার আলি, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটসম্যানরা। তৃতীয় দিনে তাই বাংলাদেশের বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
