যে কারণে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান

| আপডেট :  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮  | প্রকাশিত :  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮

গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পাকিস্তান। তাই পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে ম্যাচ বয়কটের হুমকিও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, পাইক্রফটকে সরানো হবে না।

এরপরেই মূলত পাকিস্তানের এশিয়া কাপ বয়কটের গুঞ্জন ওঠে। যে কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের তাদের শেষ ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল। এমনকি নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না হয়ে হোটেলেই অবস্থান করছিল সালমান আগার দল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক ঘণ্টা পিছিয়ে মাঠে গড়াতে যাচ্ছে আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল এ গ্রুপের ম্যাচটি। তবে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে রাত সাড়ে ৯টায় শুরু হয়েছে। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে ম্যান ইন গ্রিনরা।

এদিকে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেও মাঠে দেখা যায়। যার অর্থ, ম্যাচ রেফারির দায়িত্বে পাইক্রফটই থাকছেন। এরপরেই সমর্থকদের মনে প্রশ্ন উঠে, ঠিক কি কারণে ম্যাচ বয়কট না করে খেলতে রাজি হয়েছে পাকিস্তান?

টসের কিছুক্ষণ আগে লাহোরে পাকিস্তানের সংবাদমাধ্যমকে পিসিবি জানিয়েছে, যে ঘটনার জেরে তার অপসারণ চাওয়া হয়েছিল, সে বিষয়ে ক্ষমা চেয়েছেন পাইক্রফট। পিসিবির দাবি, ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেকের ঘটনাকে ভুল বোঝাবুঝির ফল হিসেবে উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন পাইক্রফট।

এদিকে পাকিস্তান অধিনায়ক ও টিম ম্যানেজারের কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়া বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছে পিসিবি। ভিডিওতে পাকিস্তান দলের কোচ মাইক হেসন, অধিনায়ক সালমান আগাসহ অন্যদের দেখা যাচ্ছে।

পিসিবির মিডিয়ার এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে—‘বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন।’ তবে ভিডিওতে কোনো শব্দ নেই।

পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আরও বলেছে, ১৪ সেপ্টেম্বরের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তদন্ত চালাতে আগ্রহী বলে জানিয়েছে আইসিসি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত