তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

টানা তিন বছর বিদেশে আয়োজনের পর অবশেষে নিজ দেশে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ সালের আইপিএল-এর আগে মিনি নিলাম ভারতের মাটিতেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে এটি ছিল একটি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
২০২৩ সালে কোচির পর টানা তিন আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাই, জেদ্দা ও আবুধাবিতে। বিদেশে বিশাল প্রতিনিধিদল নিয়ে যাতায়াত ও লজিস্টিক ব্যবস্থাপনার জটিলতার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল। দলগুলোর সেই অভিযোগ ও মতামত বিবেচনা করেই আবার ভারতে নিলাম করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে পরবর্তীতে আইপিএলের মেগা নিলাম আবারও বিদেশে হতে পারে বলে জানা গেছে।
ভারতের কোন শহরে নিলাম বসবে তা এখনও নির্ধারিত হয়নি। মূল বিবেচনায় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধি দলগুলোর থাকার ব্যবস্থা। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম হওয়ায় পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া যাবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিলামের জন্য বিসিসিআইয়ের প্রয়োজন কয়েক রাতের জন্য ১০০টিরও বেশি কক্ষ। এটি নিশ্চিত করার ওপর ভিত্তি করেই ভেন্যু চূড়ান্ত করা হবে।
এদিকে, নিলামের স্থান নির্ধারিত হলেও বহু আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; আগামী এক মাসের মধ্যে পরবর্তী সভায় এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে থাকলেও, কিছু দল অন্তত আরও এক মৌসুম এই নিয়ম চালু রাখার দাবি জানিয়েছে, কারণ তারা এই নিয়ম মাথায় রেখে স্কোয়াড সাজিয়েছিল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
