বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের নেতৃত্বে সৌদির রিয়ার অ্যাডমিরাল

| আপডেট :  ০৭ আগস্ট ২০২৬, ০৭:৩৮  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২৬, ০৭:৩৮

 

বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারে বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশসহ ১৩টি দেশ নিয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌদি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, জোটের প্রধান কমান্ডার হিসেবে এখন থেকে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি জোটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল, সদস্যরাষ্ট্রগুলো ও অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ-সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্বে থাকবেন।

আল জাজিরা জানায়, আগামী ১২ ও ১৩ আগস্ট জোটের একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করা হবে এবং আরও দেশকে এতে যুক্ত করার পথ তৈরি করা হবে।

জোট গঠনকারী ১৪ দেশ জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং জ্বালানি সরবরাহের রুট সুরক্ষিত রাখাই এই জোটের মূল লক্ষ্য। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী এই সামুদ্রিক করিডর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জোটের সদস্যরাষ্ট্রগুলো হলো— বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

 

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত