ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির গুঞ্জন নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

| আপডেট :  ০৭ আগস্ট ২০২৬, ১০:০৯  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২৬, ১০:০৯

 

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পরপরই ভারত ও ইসরায়েলের মধ্যেও একই ধরনের চুক্তি হচ্ছে বলে গুঞ্জন চাউর হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর হিন্দুস্তান টাইমসের।

তুর্কি সংবাদমাধ্যম ‘স্ট্রাটুরকা’ প্রথম ভারত-ইসরায়েল প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, পাকিস্তানের ত্রিপক্ষীয় চুক্তির বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিতে ভারতের পক্ষ থেকে ইসরায়েলকে একটি নিরাপত্তা চুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল।News

দাবিটি যাচাই করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক বিভাগ এটিকে পুরোপুরি ‘ভুয়া খবর’ বলে চিহ্নিত করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক শাখা জানায়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা এই ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।’

পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে ‘যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এই স্পষ্টীকরণ দিল ভারত। ওই চুক্তির মূল লক্ষ্য হলো- অংশগ্রহণকারী তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ নিরাপত্তা নিশ্চিত করা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ত্রিপক্ষীয় এই চুক্তিটি মূলত যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে করা হয়েছে। চুক্তির শর্তে উল্লেখ রয়েছে, ‘তিনটি দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলা চালানো হলে তা বাকি দুটির ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।’ এ ছাড়া এই চুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ সৃষ্টি করবে।

ত্রিপক্ষীয় চুক্তির প্রতিক্রিয়ায় ভারত বলেছে, তারা নতুন এই চুক্তির বিষয়টিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সতর্ক নজর রাখছি।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত