আইএলটি২০: সাকিব বাদ, মুস্তাফিজের সুখবর

| আপডেট :  ১১ আগস্ট ২০২৬, ১০:৩২  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২৬, ১০:৩২

 

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তাহলে ধীরে ধীরে বাতিলের খাতায় উঠছে সাকিব আল হাসানের নাম! একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে এমআই এমিরেটসের ছেড়ে দেওয়া যেন সে কথাই বলছে।

আগামী ২২ নভেম্বর শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি২০-এর পঞ্চম আসর।

অংশগ্রহণকারী দলগুলো এরই মধ্যে চূড়ান্ত করেছে তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা।

এই তালিকায় নাম নেই সাকিবের। তার ওপর আস্থা রাখেনি ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন দল এমআই এমিরেটস। বাদ পড়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও।

তাকে ছেড়ে দিয়েছে শারজা ওয়ারিয়র্স।

তবে সুখবর পেয়েছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টারকে’ ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস।

বিপিএলের কারণে আইএলটি২০-এর সর্বশেষ আসরে পুরোটা খেলতে পারেননি মুস্তাফিজ।

তবে দেশে ফেরার আগে ৮ ম্যাচে মাত্র ১৫.৫৩ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার। টুর্নামেন্ট শেষে বোলারদের তালিকায় শীর্ষ পাঁচে ছিল তার নাম।

স্বাভাবিকভাবেই মুস্তাফিজকে রেখে দিতে দ্বিতীয়বার হয়তো ভাবতে হয়নি দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষকে। এ ছাড়া এই দলে টিকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল। নতুন চুক্তিতে দলে এসেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নুর আহমেদ।

সাকিবের জন্য গত আইএলটি২০ ছিল বেশ বাজে। এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলে ৫ ইনিংসে মাত্র ১২২.৩৪ স্ট্রাইক রেটে করেছিলেন ১১৫ রান। বল হাতেও ছন্দে ছিলেন না। নিতে পেরেছিলেন মাত্র ৩ উইকেট।

তাসকিন অবশ্য শারজা ওয়ারিয়র্সের হয়ে এতটা খারাপ করেননি। প্রথমবারের মতো আইএলটি২০ খেলতে গিয়ে ৬ ম্যাচে ১৫.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছিলেন। তবে ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি তার।

শারজা এবার ধরে রেখেছে শুধু সিকান্দার রাজাকে। আর নতুন চুক্তিতে দলে ভিড়িয়েছে অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিলকে।

এ ছাড়া প্রথমবারের আইএলটি২০-তে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার দুই মারকুটে ব্যাটার হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে। দুজনকে দলে ভিড়িয়েছে গালফ জায়ান্টস। আবুধাবি নাইট রাইডার্সের জার্সিতে আইএলটি২০-তে অভিষেক হবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের।

দুবাইয়ে আগামী ১ অক্টোবর হবে আইএলটি২০-এর বেচাকেনার নিলাম। সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজাতে পারবে দলগুলো। নিলামের পর ওয়াইল্ড কার্ড নিয়মে একজন করে খেলোয়াড় দলে নেওয়া যাবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত