এবার বিপিএল না করার সিদ্ধান্তে রাজি তিন ফ্র্যাঞ্চাইজি

| আপডেট :  ২৯ আগস্ট ২০২৬, ০৬:৫৯  | প্রকাশিত :  ২৯ আগস্ট ২০২৬, ০৬:৫৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ ও টুর্নামেন্টের কাঠামোগত সংস্কার নিয়ে তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৯ আগস্ট) বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ উপস্থিত ছিলেন।

বৈঠকে বিপিএলকে আরও টেকসই ও কার্যকর প্রতিযোগিতায় পরিণত করতে ব্যাপক সংস্কারের পক্ষে মত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। এজন্য প্রয়োজন হলে এক মৌসুম বিপিএল আয়োজন থেকে বিরতি নিতেও তাদের কোনো আপত্তি নেই।

বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, রাজশাহী ওয়ারিয়র্সের কর্ণধার মোখছেদুল কামাল বাবু এবং ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ।

তিন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিই বিপিএলকে নতুনভাবে ঢেলে সাজানোর পক্ষে মত দেন। টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে বিসিবি যে সময় নিয়ে পরিকল্পনা করছে, সেই উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছেন তারা।

এর আগে চলতি মৌসুমে বিপিএল আয়োজন না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্টের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি জানিয়েছিলেন, বর্তমান কাঠামোয় বিপিএল আয়োজনের কোনো যৌক্তিকতা দেখছেন না।

তামিম ইকবাল বলেছিলেন, গত দুই বছরে বিপিএল আয়োজন করে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে বিসিবির। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে বিসিবির আর্থিকভাবে লাভবান হওয়ার কথা, লোকসান গোনার নয়।

বিসিবি সভাপতির ভাষ্য ছিল, টুর্নামেন্টের বর্তমান কাঠামোয় কোথাও সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধান না করে একইভাবে বিপিএল আয়োজন করা উচিত নয়। প্রতি মৌসুমে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হলে টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এবার তিন ফ্র্যাঞ্চাইজির সমর্থন পাওয়ায় বিপিএল সংস্কারের পরিকল্পনায় বিসিবি আরও সময় নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। টুর্নামেন্টটি সাময়িকভাবে বন্ধ রেখে নতুন কাঠামো, আর্থিক মডেল ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত