ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত

| আপডেট :  ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০  | প্রকাশিত :  ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০

 

সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভূপাতিতের দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউরো নিউজের খবরে বলা হয়, গোষ্ঠীটি বলেছে, তারা একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এই কাজে নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করেছে তারা।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আল্লাহর সহায়তা ও দয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী শত্রুতামূলক অভিযান চালানো একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’ সৌদি আরবের বিরুদ্ধে ৪৫০টি হামলার অভিযোগও তোলেন তিনি।

তাদের নিজেদের তৈরি আকাশ-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া পবিত্র নগরী মক্কায় হামলা হয়েছে বলে যে অভিযোগ করেছিল রিয়াদ, সেটিও প্রত্যাখ্যান করেন হুতি মুখপাত্র।

তিনি বলেন, ‘আমাদের অভিযানগুলো তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়, যা পবিত্র স্থানগুলো থেকে অনেক দূরে অবস্থিত। অপরাধী আল-সৌদ সরকারের ছড়ানো বানোয়াট তথ্য ও মিথ্যা দিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না।’

এর আগে হুতির বিরুদ্ধে মক্কায় হামলার অভিযোগ এনে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করে এবং সতর্ক করে জানায়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা একটি রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সের প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘দুই পবিত্র মসজিদের নিরাপত্তা এবং তীর্থযাত্রীদের সুরক্ষা একটি রেড লাইন। হুতি মিলিশিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে জোটের যৌথ বাহিনী কমান্ড বিন্দুমাত্র দ্বিধা করবে না।’

মঙ্গলবার সৌদি আরব মক্কা এবং ইয়েমেন সীমান্তবর্তী রাজ্যের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সম্ভাব্য হামলার বিষয়ে সংক্ষিপ্ত সতর্কতা জারি করেছিল। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর মক্কায় প্রথমবারের মতো জারি করা এই সতর্কবার্তাটি এসেছিল ইয়েমেন থেকে চালানো এক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একদিন পর; ওই হামলায় সৌদির দক্ষিণাঞ্চলে ১৩ জন আহত হন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার মক্কার ওপর চালানো হামলাকে ‘কাপুরুষোচিত ও জঘন্য’ হামলা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। মুসলিম-প্রধান দেশগুলোর ৫৭ সদস্যবিশিষ্ট জোট ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)-ও এই হামলার নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত