আফগানিস্তান সিরিজে বাংলাদেশের দল ঘোষণার পর মুখ খুললেন হাবিবুল বাশার

| আপডেট :  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০  | প্রকাশিত :  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের। অন্যদিকে উইকেটকিপার হিসেবে দলে ফিরেছেন জাকের আলী অনিক। ফেরানো হয়েছে দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়কেও।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পর এসব সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ঘোষিত ১৫ সদস্যের দলে আছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

এশিয়ান গেমসে বাংলাদেশের টেস্ট দলের ছয়জন ক্রিকেটার অংশ নেবেন। এ কারণে নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে। তারা টেস্ট দলের সঙ্গে ভ্রমণ করবেন এবং অনুশীলনেও অংশ নেবেন। দুই দিনের প্রস্তুতি ম্যাচেও তাদের যুক্ত হওয়ার সুযোগ থাকবে।

নাহিদ রানাকে এই টেস্ট সিরিজে রাখা হয়নি। প্রধান নির্বাচক জানিয়েছেন, আগামী মাসের ১০ তারিখের আগে নাহিদ অ্যাভেইলেবল নন। একই সঙ্গে বাংলাদেশ আগামী কয়েকটি টেস্টকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। তাই নাহিদকে সামনে থাকা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পূর্ণ প্রস্তুত অবস্থায় পাওয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

হাবিবুল বাশার জানান, নাহিদ রানা ১০ তারিখ থেকে অ্যাভেইলেবল হবেন। বাংলাদেশ পরবর্তী পাঁচটি টেস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টকে গুরুত্ব দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্টেও নাহিদকে পাওয়ার আশা করছে তারা।’

নাহিদকে কীভাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুত করা হবে, সেটিও পরে ঠিক করা হবে। নির্বাচকরা ভাবছেন, ওয়ানডে সিরিজে তাকে খেলিয়ে টেস্টের প্রস্তুতি নেওয়া হবে, নাকি চলমান প্রথম শ্রেণির মৌসুমে খেলিয়ে প্রস্তুত করা হবে।

তাসকিন আহমেদকেও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোকে সামনে রেখে তাকে সতেজ রাখাই এর মূল কারণ। তবে ওয়ানডে সিরিজে তাসকিন খেলতে পারেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। এতে তার ম্যাচের ছন্দও ধরে রাখা সম্ভব হবে।

এদিকে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিককে দলে ফেরানো হয়েছে। এর আগে অমিত হাসানকে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে বিবেচনা করে দলে রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে জাকের নিজের হারানো ফর্ম ফিরে পেয়েছেন বলে মনে করছে নির্বাচক কমিটি।

হাবিবুল বাশারের ভাষ্য অনুযায়ী, ঘরোয়া ক্রিকেট ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলার সময় জাকেরের পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করেছে। ফলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আবারও তাকে বেছে নেওয়া হয়েছে।

আগামী আফগানিস্তান সিরিজসহ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সামনে রেখে অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই বেশি আস্থা রাখতে চায় বাংলাদেশ। অমিত হাসানকে ভবিষ্যতের জন্য বিবেচনায় রাখা হলেও এই মুহূর্তে অভিজ্ঞতা ও বিভিন্ন সফরের প্রমাণিত পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত