শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার করার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনের করছেন পোশাক শ্রমিকরা। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের নূন্যতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবুও আন্দোলন করছিলেন শ্রমিকরা। রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে আন্দোলনকারীদের।
আজ রবিবার সকালে মজুরি বোর্ড ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের বিক্ষোভের মধ্যে তার সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন মন্ত্রী।
এদিকে শ্রমিক অসন্তোষ মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে সন্ধ্যায় কয়েকজন মন্ত্রীকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ জানিয়েছে ডেইলি স্টার।
শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন। অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে সন্ধ্যায় ‘জরুরি বৈঠকে’ বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আরিফুল সাংবাদিকদের বলেন, ‘সরকার আগেই সংবাদমাধ্যমে এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রবিবার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে’। তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।
মজুরি বোর্ড গঠন
নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। বোর্ডের অন্য সদস্যরা হলেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের জন্য মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
