ক্রিকেট ইতিহাসে বিরল ‘টাইমড আউট’

অস্ট্রেলিয়ার ক্রিকেট লিগ নারীদের বিগ ব্যাশে (ডব্লিউবিবিএল) মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিটের ম্যাচে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। রেনেগেডসের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডিয়ান্ড্রা ডটিন টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন
২০২১-২২ মৌসুমে বিগ ব্যাশে ক্রিজে দেরিতে আসার শাস্তি হিসেবে এক অভিনব নিয়ম চালু করা হয়েছিল। যেখানে দেরি করা ব্যাটসম্যান প্রথম বলটি খেলার সুযোগ পাবেন না, বরং বোলার সরাসরি স্টাম্পে বল করার ফ্রি সুযোগ পাবেন।
নতুন এই নিয়ম চালুর পর বিগ ব্যাশের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের এভাবে টাইমড আউট হওয়ার ঘটনা এটিই প্রথম।
নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান যদি পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত হতে ৭৫ সেকেন্ডের বেশি সময় নেন, তবে তাকে ক্রিজে দেরিতে আসা হিসেবে গণ্য করা হবে।
এমন ক্ষেত্রে বোলিং দল সরাসরি স্টাম্পে বল ছোড়ার একটি ফ্রি সুযোগ পাবে এবং ওই ব্যাটসম্যানকে ক্রিজ থেকে পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে থাকতে হবে, তিনি বলটি খেলতে পারবেন না। বোলার যদি স্টাম্পে আঘাত হানতে পারেন তবে ওই ব্যাটসম্যান আউট বলে গণ্য হবেন।
বুধবার (২৫ নভেম্বর) ডিয়ান্ড্রা ডটিন ছয় নম্বরে ব্যাট করতে নামেন, কিন্তু ক্রিজে এসে প্রস্তুত হতে তিনি বেশ কিছুটা সময় নেন। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছান যে তিনি ৭৫ সেকেন্ডের বেশি সময় নিয়ে ফেলেছেন এবং পরবর্তী বলের সময় তাকে ক্রিজ থেকে দূরে সরে দাঁড়াতে নির্দেশ দেন।
এ সুযোগ কাজে লাগিয়ে ব্রিসবেন হিটের বোলার সারাহ গ্লেন সরাসরি স্টাম্প ভেঙে দেন, আর তাতেই আউট হয়ে ফিরতে হয় ডটিনকে।
স্কোরকার্ডে দেখানো হয়, ডটিন একটি বল খেলেছেন এবং গ্লেনের বলে বোল্ড হয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
