ডাক পেলে সাবেক সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললো যুক্তরাজ্য

| আপডেট :  ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩  | প্রকাশিত :  ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩

যুক্তরাজ্যে যুদ্ধ ও নিরাপত্তাঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে দেশটির সাবেক সামরিক সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। তাদের যোগাযোগের তথ্য, বর্তমান দক্ষতা ও প্রশিক্ষণের অবস্থা যাচাই করতে চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনে জাতীয় জরুরি পরিস্থিতি বা যুদ্ধের সময় তাদের কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে সরকার।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, দেশের সামরিক বাহিনীতে আগে দায়িত্ব পালন করা ব্যক্তিদের তথ্য হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও বিভিন্ন হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, সাবেক সামরিক সদস্যদের কাছে পাঠানো চিঠিতে প্রয়োজনে যুদ্ধে ডাক পাওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। তবে সরকার বলছে, এটি তাৎক্ষণিকভাবে যুদ্ধের প্রস্তুতি বা কাউকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নয়; বরং সম্ভাব্য সংকট মোকাবিলায় তথ্য ও যোগাযোগব্যবস্থা প্রস্তুত রাখার অংশ।

বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে স্ট্রিটিং বলেন, ভবিষ্যতে দেশে কোনো বড় দুর্যোগ কিংবা বিদেশে আরও গুরুতর নিরাপত্তা হুমকি বা সংঘাত দেখা দিলে সরকার যেন জানতে পারে, তাদের কৌশলগত রিজার্ভে কারা রয়েছেন ও কে কী ধরনের দক্ষতা নিয়ে কাজ করতে পারবেন, সে জন্যই সাবেক সেনাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, আমি চাই দেশ সতর্ক থাকুক, আতঙ্কিত না হোক। স্ট্রিটিং আরও বলেন, ইউরোপে যা ঘটছে, তা দেখে উদ্বিগ্ন না হওয়ার উপায় নেই। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং হুমকি ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, শুক্রবার (২০ নভেম্বর) পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশের ঘটনা ছিল অত্যন্ত গুরুতর। ইউরোপজুড়ে রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যে রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) ঘাঁটিগুলোকে ঘিরে ইরানের বিভিন্ন ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।

স্ট্রিটিং বলেন, এসব হুমকির প্রেক্ষাপটে সরকার ও দেশকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। যত বেশি প্রস্তুতি নেওয়া যাবে, যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তত কমবে। সংঘাত এড়ানোই সরকারের লক্ষ্য।

বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেন, ঈশ্বর না করুন, যুক্তরাজ্য যদি কখনো যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পরে এ নিয়ে তদন্ত হয়, তখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রেকর্ড হালনাগাদ না থাকলে সরকার সমালোচনার মুখে পড়বে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পাঠানো চিঠিতে সাবেক সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছায় অংশ নেওয়ার সুযোগের কথাও জানানো হয়েছে।

এ উদ্যোগকে আসন্ন যুদ্ধের জন্য আতঙ্ক ছড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছে না সরকার। বরং দীর্ঘদিন ধরে অবহেলিত তথ্যব্যবস্থা ঠিক করে নেওয়া এবং ভবিষ্যৎ সংকটে কাকে, কী কাজে এবং কোথায় পাওয়া যাবে, তা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

২০০৩ সালে ইরাক যুদ্ধে যাওয়ার সময় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না- কাদের পুনরায় দায়িত্বে নেওয়া সম্ভব, তাদের বর্তমান দক্ষতা কী এবং যোগাযোগের তথ্য কতটা হালনাগাদ। ভবিষ্যতে জাতীয় সংকট বা জরুরি পরিস্থিতিতে এমন সমস্যায় পড়তে চায় না সরকার।

২৩ বছর পর ইউক্রেন যুদ্ধ আধুনিক যুদ্ধের ধারণা অনেকটাই বদলে দিয়েছে। ন্যাটোর সীমান্তে সরাসরি যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে, একই সঙ্গে পর্যাপ্ত সেনা না থাকার বিপদও সামনে এসেছে। যুদ্ধের ধরনেও বড় পরিবর্তন এসেছে। যারা জীবনে কখনো অস্ত্র হাতে নেননি, তারাও ড্রোন পরিচালনায় দক্ষ হয়ে উঠতে পারেন। ইলেকট্রনিকস, রেডিও ও সিগন্যাল প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিরা ইলেকট্রনিক যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সাবেক সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা ও ব্যবসায়িক তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান সিবিলাইনের প্রধান নির্বাহী জাস্টিন ক্রাম্প বিবিসিকে বলেন, ইউক্রেন যুদ্ধ আধুনিক যুদ্ধে বেসামরিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর গুরুত্ব দেখিয়েছে। সরকার যে উদ্যোগ নিয়েছে, তা প্রথম পদক্ষেপ এবং অনেক দিক থেকেই বেশ আগেই নেওয়া উচিত ছিল।

তার মতে, ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত এ উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে। তবে এটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার চেয়ে যুদ্ধ ঠেকাতে প্রতিরোধক্ষমতা বাড়ানোর অংশ।

ক্রাম্প বলেন, তিনি যেসব সাবেক সামরিক সদস্যের সঙ্গে কথা বলেছেন, তাদের অধিকাংশই এ উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়েছেন। সাবেক সেনাদের অনেকেই আগে দেশের সেবায় যোগ দিয়েছিলেন। এখন তারা চান, তাদের অর্জিত নতুন দক্ষতা ও অভিজ্ঞতাকেও যথাযথ মূল্যায়ন করা হোক।

এদিকে সাবেক সেনাদের সঙ্গে যোগাযোগের উদ্যোগের আগে যুক্তরাজ্য তার পারমাণবিক সাবমেরিন বহর আধুনিকায়নে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি পাউন্ডের একটি চুক্তি করেছে। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এ চুক্তি দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে সহায়তা করবে।

সেনাবাহিনীতে ফিরতে প্রস্তুত প্রিন্স হ্যারি?

এদিকে সাবেক সেনাদের পুনরায় দায়িত্ব পালনের প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স হ্যারির দেশপ্রেমের প্রশংসা করেছেন। আফগানিস্তানে সম্মুখসারিতে দায়িত্ব পালন করা এবং সেনাবাহিনীতে ১০ বছর কাটানো হ্যারি সম্প্রতি বলেছেন, প্রয়োজন হলে তিনি আবারও সেনাবাহিনীতে যোগ দিতে প্রস্তুত।

হ্যারির জন্য সেনাবাহিনীতে কোনো ভূমিকা থাকতে পারে কি না, এমন প্রশ্নে স্ট্রিটিং বলেন, তার সঙ্গে কাজ করার বিষয়ে তিনি কথা বলতে আগ্রহী। ইনভিকটাস গেমসের মাধ্যমে আহত ও অসুস্থ সাবেক সেনাদের সহায়তায় হ্যারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি সেনাবাহিনীতে তার অভিজ্ঞতাও কাজে লাগতে পারে।

স্ট্রিটিং বলেন, দেশের জন্য হ্যারি যে সেবা দিয়েছেন এবং আবার দায়িত্ব পালনের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন, তা প্রশংসনীয়। তিনি মনে করেন, এমন দেশপ্রেমই কৌশলগত রিজার্ভে থাকা সাবেক সেনাদের মধ্যে দেখা যাবে।

গত সপ্তাহে হ্যারি বলেন, আবার যোগ দেওয়ার জন্য বলা হলে, যদি প্রয়োজন হয়, তাহলে দেশের সেবা করতে আমি শতভাগ প্রস্তুত থাকব। আমার সাবেক সহযোদ্ধা ও বর্তমান সেনাসদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত