গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের লাঠি হাতে মিছিল

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২৬, ১২:২০  | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২৬, ১২:২০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। মিছিল থেকে দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি দলের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানানো হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে মিছিলের ভিডিও দলীয় নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

দলীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে লাঠি দেখা যায়। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘রাজপথে সবুজ ভাই, শেখ হাসিনার ভয় নাই’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’ এবং ‘খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম হেলাল, মরিজ্জামান জামান, হাবিবুর রহমান জুয়েল, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল ফকির, উপদপ্তর সম্পাদক আব্দুর রহিম ও আশরাফুল ইসলাম ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু। তিনি দলের ঘোষিত আট দফা কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার ও সোমবার লকডাউন কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ফেসবুকের মাধ্যমে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়টি জানতে পেরেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত