বিদায় চেন্নাই সুপার কিংসের, যা বললেন অধিনায়ক রুতুরাজ

আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরে বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাইয়ের। ম্যাচ শেষে আক্ষেপ ঝরেছে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদের কণ্ঠে।
আসরের শুরু থেকে চোটসমস্যা লেগেই ছিল চেন্নাইয়ের। ওপেনার ডেভন কনওয়ে চোটের কারণে খেলতে পারেননি। শুরু থেকে খেলা হয়নি পেসার মাথিশা পাথিরানার। তার বদলে সুযোগ পাওয়া বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বেশ ভালো করতে থাকলেও আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হয়েছে তাকে। পরে চোটের কারণে দেশে ফিরে যান পাথিরানাও। সব মিলিয়ে বেশ ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই। বিদায়ের পর মুস্তাফিজকে মিস করার কথা জানিয়েছেন দলের অধিনায়ক রুতুরাজ।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুতুরাজ বলেন, ‘এটা ভালো উইকেট ছিল। স্পিনারদের জন্য এখানে টার্ন এবং গ্রিপ হচ্ছিল। লক্ষ্য নিয়ে আমরা বেশ খুশি ছিলাম। এই মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ নিয়ে খুশি। চোট এবং কনওয়ের না থাকা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল। পাথিরানা চোটে ছিল, আমরা ফিজকেও (মুস্তাফিজ) মিস করেছি। যখন আপনার চোটসমস্যা থাকবে তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে। আমরা প্লে-অফে যেতে পারিনি তবে এসব হতেই পারে। আমার কাছে ব্যক্তিগত মাইলফলক একদমই গুরুত্ব বহন করে না। দিনশেষেই জেতাটাই আসল পুরস্কার। আমরা তা করতে পারিনি ফলে আমি কিছুটা হতাশও হয়েছি।’
নিশ্চিত হয়েছে আইপিএলের প্লে-অফের চার দল – কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
