মিরাজের সঙ্গে স্টার্কের উত্তপ্ত বাক্যবিনিময়, কী বলেছিলেন অজি পেসার

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটা অস্ট্রেলিয়ার জন্য হতাশায় কেটেছে। দিনের শেষ দিকে সেই হতাশার উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠেও। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।
ঘটনার সূত্রপাত স্টার্কের করা ২১তম ওভারে। বলটি পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে রান নিতে ছুটেছিলেন মিরাজ। তবে দৌড়ানোর সময় তিনি পিচের মাঝের সংরক্ষিত অংশ দিয়ে চলে যান। স্টার্কের ফলো-থ্রুর কারণে মিরাজ অন্য পাশ দিয়ে যেতে না পেরে পিচের মাঝ দিয়েই দৌড়ান। বিষয়টি চোখে পড়ে আম্পায়ার কুমার ধর্মসেনারও। তিনি সঙ্গে সঙ্গে মিরাজকে সতর্ক করেন।
এ সময় মিরাজকে উদ্দেশ করে স্টার্ক বলেন, ‘এটা আমার ফলো-থ্রুর জায়গা, তোমার নয়। উইকেট থেকে সরে যাও।’
মিরাজ তখন আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন, তিনি বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী ছিল তা দেখতে পাননি। মিরাজ বলেন, ‘আমি দেখতে পাইনি, আমি দেখিনি।’
তাতেও অবশ্য স্টার্কের ক্ষোভ কমেনি। নিজের মার্কে ফিরে যাওয়ার সময় বাংলাদেশি অলরাউন্ডারকে উদ্দেশ করে অজি পেসারকে বলতে শোনা যায়, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই।’
ঘটনার সময় অবশ্য মিরাজও পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেননি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও ধারাভাষ্য দিতে গিয়ে মনে করেন, মিরাজ ইচ্ছা করে পিচের সংরক্ষিত অংশ দিয়ে দৌড়াননি। তার মতে, বলের দিকে তাকিয়ে থাকার কারণে স্টার্ককে সামনে দেখে মিরাজ বাধ্য হয়ে ওই দিক দিয়ে চলে যান।
দিন শেষে অবশ্য মাঠের উত্তাপের চেয়ে বাংলাদেশের দাপটই ছিল বেশি আলোচনায়। ৩৫১ রানে ৬ উইকেট নিয়ে দিন শেষ করে বাংলাদেশ, লিড দাঁড়ায় ১৫৩ রান। মিরাজ ৩২ রানে অপরাজিত ছিলেন। ফলে তৃতীয় দিনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
