সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্পদায়ের প্রতি হুথিদের আহ্বান

ইয়েমেনে সৌদি আরবের চালানো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে হুথি বিদ্রোহীরা। শনিবার হুথিদের এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ যেকোনো সৌদি সামরিক তৎপরতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ বৈধ অধিকার তাদের রয়েছে। নিজেদের সুরক্ষায় এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
সৌদি আরব এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধি ও পাল্টা বিমান হামলার প্রেক্ষাপটে ওই আহ্বান জানানো হয়েছে।
চলতি বছরের শুরু থেকে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে রিয়াদ ও হুথি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর মধ্যে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে উভয় পক্ষই এখন নতুন করে সামরিক তৎপরতা জোরদার করেছে।
এর মাঝেই শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মনুষ্যবিহীন ড্রোন আঘাত হেনেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ওই হামলায় বিমানবন্দরের কাছে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। এই হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল অথবা বিলম্ব ঘোষণা করা হয়েছে।
বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।
ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বে বড় সমস্যা দেখা দিয়েছে।
সূত্র: এএফপি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
