এফ-৩৫ যুদ্ধবিমানের গোপন যন্ত্রাংশ চলে গেছে চীনাদের হাতে, যুক্তরাষ্ট্রে তদন্ত শুরু

| আপডেট :  ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬  | প্রকাশিত :  ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে নেয়ার সময় এফ-৩৫ যুদ্ধবিমানের অত্যন্ত সংবেদনশীল যন্ত্রাংশবাহী একটি চালান গতিপথ বদলে হংকংয়ে চলে গেছে। এই যন্ত্রাংশগুলো চীনা কর্তৃপক্ষের হাতে চলে গেছে, এমন আশঙ্কায় তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম পলিটিকোর বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

চালানটিতে একটি এফ-৩৫ ক্যানোপি অন্তর্ভুক্ত ছিল, যা বিমানটির স্টেলথ (রাডার ফাঁকি দেয়ার) প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন ব্রোকারের মাধ্যমে সরঞ্জামগুলো স্থানান্তর করা হচ্ছিল। তবে ঠিক কোন স্থানে চালানের গতিপথ পরিবর্তিত হয়েছিল এবং বর্তমানে যন্ত্রাংশগুলো কার হেফাজতে রয়েছে, তা অস্পষ্ট।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগনের কর্মকর্তারা গত জুন থেকে কংগ্রেসের প্রধান প্রধান জাতীয় নিরাপত্তা কমিটির কর্মকর্তাদের বিষয়টি জানানো শুরু করেছেন। এ ঘটনা সম্পর্কে অবগত ব্যক্তিরা পলিটিকোকে জানান, এই ব্রিফিংগুলো এখনও অব্যাহত রয়েছে। সামনে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এফ-৩৫ জয়েন্ট প্রোগ্রাম অফিস জানায়, এফ-৩৫ লাইটনিং ২ বিমানের যন্ত্রাংশের একটি শিপমেন্ট সমস্যা সম্পর্কে অবগত রয়েছে তারা। এই যন্ত্রাংশগুলো পুনরুদ্ধার করতে, ঘটনাটি তদন্ত করতে এবং ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে সে লক্ষ্যে সুরক্ষামূলক ব্যবস্থা জোরদার করতে শিল্প অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে মার্কিন কর্তৃপক্ষ।

নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট কোনও চালানের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানালেও এফ-৩৫ যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন পলিটিকোকে জানিয়েছে, তারা সামরিক বিমানের যন্ত্রাংশ পরিবহনে মার্কিন নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত