শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ. লীগের ১১ নেতাকর্মী আটক

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৫  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৫

রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

রবিবার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

তিনি বলেন, কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। তবে গতকাল থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে। আজকেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতার চেষ্টা করছে।

শ্রমিকদের আন্দোলনের মাঝে থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, মিরপুর ১০ ও এর আশেপাশে এলাকায় অভিযানে গ্রেপ্তাররা হলেন বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল নেতা। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছে। আলিফই মূলত ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই সব নেতাকর্মীদের ঢাকায় এনেছে।

প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত