আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পবিপ্রবি সেমিফাইনালে উঠায় ভিসির অভিনন্দন

দুমকি পটুয়াখালী প্রতিনিধি: আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ প্রতিযোগিতায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কে পরাজিত করে গ্রুপ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
এক অভিনন্দন বার্তায় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান বলেন, আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের দিন।”আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিপক্ষ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে আমাদের বিশ্ববিদ্যালয় ফুটবল দল গ্রুপ সেমিফাইনালে গৌরবময় যোগ্যতা অর্জন করেছে
এই অসামান্য সাফল্যের জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে ও প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারারের পক্ষ থেকে দলের প্রতিটি খেলোয়াড়, কোচ এবং টীম ম্যানেজমেন্টকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। মাঠে তোমাদের শৃঙ্খলা, দলগত সমন্বয়,অদম্য সাহস এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা আমাদের মুগ্ধ করেছে।
তোমরা প্রমাণ করেছ যে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু শিক্ষা ও গবেষণাই নয় বরং ক্রীড়াঙ্গনেও সমানভাবে প্রতিভাবান এবং শ্রেষ্ঠত্ব অর্জনে সক্ষম। তোমাদের এই বিজয় আমাদের ক্যাম্পাসের হাজারো শিক্ষার্থীর মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং জাতীয় পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। মনে রাখবে এটি কেবল শুরু- আমাদের লক্ষ্য এখনো চূড়ান্ত সাফল্য। সামনে সেমিফাইনাল এবং ইনশাআল্লাহ ফাইনালের কঠিন লড়াই অপেক্ষা করেছে।
আমি বিশ্বাস করি তোমরা তোমাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে এবং সুস্থ ও সুন্দর ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই ক্যাম্পাসে ফিরবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে এবং ভবিষ্যতেও খেলাধুলার মানোন্নয়নে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
