শিক্ষার আলো ছড়িয়ে দিতে দুমকিতে মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমির কমিউনিটি শিক্ষা জরিপ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া এবং শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসার লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে “মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমির” উদ্যোগে পরিচালিত হচ্ছে কমিউনিটি শিক্ষা জরিপ কার্যক্রম। ডিসেম্বর মাসব্যাপী এ শিক্ষা জরিপ কর্যক্রম চলবে।
এ কার্যক্রমের আওতায় উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি বাড়ি ও পরিবারে গিয়ে শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের মাধ্যমে এলাকার শিক্ষার সামগ্রিক চিত্র, শিক্ষার্থীদের সংখ্যা, ঝরে পড়া শিক্ষার্থী, বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশু এবং শিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার হার উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে কমিউনিটি শিক্ষা জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমির প্রত্যাশা, এই জরিপের মাধ্যমে এলাকার শিক্ষার প্রকৃত চিত্র উঠে আসবে এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাদিয়া আফরিন জানান, ইংরেজি, আরবি ও বাংলা ভাষাসহ দীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষাই জাতির মেরুদণ্ড, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
