নেইমারকে দলে না রাখা নিয়ে যা বললেন আনচেলত্তি

| আপডেট :  ২৭ মে ২০২৫, ০৬:১৭  | প্রকাশিত :  ২৭ মে ২০২৫, ০৬:১৭

দীর্ঘ চোট আর পুনর্বাসনের ধকল কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার কিন্তু আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচকে সামনে রেখে ঘোষিত ব্রাজিল জাতীয় দলে জায়গা হয়নি তার। কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণার সময় স্পষ্ট জানিয়ে দিলেন—নেইমার এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন, তাই তাকে আরও সময় দিতে চান তিনি।

২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। ছিঁড়ে যায় তার ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাস। এরপর প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয় এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে। পুনরায় মাঠে নামেন আল-হিলালের হয়ে, কিন্তু ইনজুরি আবার তার পথরোধ করে। বর্তমানে তিনি নিজ দেশের ক্লাব সান্তোসে খেলছেন।

গত মার্চে জাতীয় দলে ফেরার সম্ভাবনা থাকলেও ইনজুরি ফের বাঁধা হয়ে দাঁড়ায়। সেই দফায় ব্রাজিল কলম্বিয়াকে হারালেও আর্জেন্টিনার কাছে হারে বড় ব্যবধানে, যার ফলে বরখাস্ত হন কোচ দোরিভাল জুনিয়র। দায়িত্ব নেয়ার পর থেকেই নেইমারকে পরিকল্পনায় রেখেছিলেন নতুন কোচ আনচেলত্তি, কিন্তু এই ঘোষিত দলে তাকে রাখেননি। দল ঘোষণা করার সময় আনচেলত্তি বলেন,‘এই দলে ডাক দেওয়ার সময় আমি চেষ্টা করেছি ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের নির্বাচন করতে। নেইমার কিছুদিন আগেই চোটে পড়েছে। সবাই জানে, নেইমার খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়—সবসময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

নেইমারকে বাদ দেওয়ার ব্যাপারটি নিয়ে তার সাথে আলোচনা করেছেন বলে জানান সাবেক রিয়াল কোচ। আনচেলত্তি বলেন- ‘ব্রাজিল তার উপর নির্ভর করে। সে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিলে ফিরে এসেছে খেলতে। আমি সোমবার (২৬ মে) তার সঙ্গে কথা বলেছি বিষয়টি ব্যাখ্যা করার জন্য এবং সে পুরোপুরি একমত। আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি।’

চোটের কারণে শুধু নেইমার নন, আরও কয়েকজন তারকা যেমন জোয়েলিনটন, রদ্রিগো, এদারসন ও মিলিতাও দলে জায়গা পাননি। আনচেলত্তি জানান, চোটের তালিকায় থাকা খেলোয়াড়দের বাদ দিতেই হয়েছে। বিশ্বকাপ সামনে রেখে আনচেলত্তি এখন থেকেই দল গুছিয়ে নিতে চাচ্ছে এবং নেইমারকে ঘিরে তার ভবিষ্যত পরিকল্পনা যে এখনো অটুট, সেটা স্পষ্ট করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। ‘দুর্ভাগ্যজনকভাবে,বর্তমানে আমাদের অনেক খেলোয়াড় চোটে ভুগছে এবং তাই জাতীয় দলে থাকতে পারছে না, যেমন নেইমার। আমি যেটা বলতে চাই, সেটা হলো ব্রাজিলের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং নেইমারের ক্ষেত্রে আমরা তার উপর ভরসা রাখি।’ যোগ করেন আনচেলত্তি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত