ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন তামিম

| আপডেট :  ২৯ জুলাই ২০২৫, ০৯:০২  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২৫, ০৯:০২

জাতীয় দলকে আগেই বিদায় জানিয়ে দিয়েছেন। তামিম ইকবাল অবশ্য খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে। তবে গত মার্চে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকের পর থেকেই মাঠের বাইরে আছেন দেশসেরা এই ওপেনার।

যে কারণে কোনো ম্যাচ কিংবা অনুশীলনে দেখা যায়নি তামিমকে। এতে অনেক সমর্থকের ধারণা তৈরি হয়েছিল, হয়তো আর মাঠে ফিরবেন না এই বাহাতি ব্যাটার। তবে এবার তামিম নিজেই জানালেন, আসন্ন বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি।

অবশ্য বিপিএলে খেলার বিষয়টি আগেই জানিয়েছিলেন তামিম। তবে শারীরিক অবস্থার ওপর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে এবার তামিম নিশ্চিত করে জানালেন, বিপিএলের জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।

বিপিএল প্রসঙ্গে তারকা ক্রিকেটার বলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।’

বিপিএলের গত দুই আসরের চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল। এমন একটি দলের অধিনায়কত্ব করা সহজ বিষয় না। তাই মাঠে ফেরার আগে তামিমকে ফিরতে হবে যথেষ্ট প্রস্তুত হয়ে। এজন্য এনসিএলের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তিনি, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’

বয়স এবং শারিরীক অবস্থা বিবেচনায় ক্রিকেট ক্যারিয়ার আর খুব বেশি দীর্ঘায়িত করার সুযোগ নেই তামিমের। সে কারণে ঘুরে ফিরেই আসছে সবধরনের ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গ। তবে অবসর কিংবা খেলা চালিয়ে যাওয়ার ডেডলাইন সম্পর্কে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি তামিম, ‘এই বছরটা একটু চেষ্টা করে দেখি। কেমন লাগে সেটা দেখে সিদ্ধান্ত নিব।’

ক্রিকেট ছাড়ার আগেই আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। ভারত-বাংলাদেশের ওই সিরিজে কাজ করে সুনামও কুড়িয়েছিলেন তিনি। তবে এ বিষয়ে ক্যারিয়ার আগানোর কথা এখনও ভাবেননি তামিম। তবে পেশা হিসেবে নেয়ার সিদ্ধান্ত নিলে মনোযোগ দিয়েই কাজ করবেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।

তামিম বলেন, ‘এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই। তবে আগেও বলেছি এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত