মুস্তাফিজের বাদ পড়ার পেছনে কোন রাজনীতি, বিজেপি নেতার মন্তব্যে খোলাসা

| আপডেট :  ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৫  | প্রকাশিত :  ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বহুবার খেলেছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে নিজের অভিষেক মৌসুমেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। পরের মৌসুমগুলোতেও পারফরম্যান্স একেবারে মন্দ ছিল না। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন তিনি। এবারই প্রথম পশ্চিমবঙ্গের দল কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছিলেন।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি বা বাংলাদেশ মুদ্রায় প্রায় ১২ কোটি ৬৮ লাখ টাকা খরচ করে মুস্তাফিজকে দলে টানে কলকাতা। মাশরাফি-সাকিবদের পথ ধরে যখন দলটির জার্সি গায়ে জড়াতে প্রস্তুত বাংলাদেশের ‘কাটার মাস্টার’, তখনই জানলেন এবারের আইপিএলে খেলা হচ্ছে না তার।

‘রাজনৈতিক চাপের’ মুখে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে কলকাতাকে অনুরোধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কয়েক ঘণ্টার মধ্যেই সে অনুরোধের মান রেখেছে শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি।

একদিন আগেই বিসিসিআই জানিয়েছিল, বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দিতে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। তাহলে ‘রাজনৈতিক চাপের’ উৎস কী? কয়েকদিন আগে উত্তর প্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম কলকাতা দলের মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়েছিলেন। এরপর ভারতের কথিত কয়েকজন আধ্যাত্মিক ধর্মগুরুও এই বলিউড অভিনেতাকে নিশানা। কেউ কেউ হুমকি দেন, মুস্তাফিজ আইপিএলে খেলতে গেলে তাকে বিমানবন্দরেই আটকে দেয়া হবে।

কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর অবশ্য খেলার সঙ্গে রাজনীতি মেলাতে নিষেধ করেছিলেন। গত শুক্রবার (২ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি না যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের কাঁধে চাপানো উচিত। আমার মত পরিষ্কার, আমাদের কিছু ক্ষেত্রকে অন্য ক্ষেত্র থেকে আলাদা রাখার চেষ্টা করা উচিত।’

থারুর আরও বলেন, ‘মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার এবং এই ঘটনাগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাকে ব্যক্তিগতভাবে ঘৃণামূলক বক্তব্য, হামলা, কিংবা এসব কাজ সমর্থন বা রক্ষা করার অভিযোগে অভিযুক্ত করা হয়নি। তিনি একজন ক্রীড়াবিদ, আর এই দুটি বিষয়কে একসঙ্গে মেলানো মোটেও ন্যায্য নয়।’

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত