বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

| আপডেট :  ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২০  | প্রকাশিত :  ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২০

 

ভারতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পরদিন এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) ফেসবুকে দেয়া পোস্টে বাংলাদেশের এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

অন্তবর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

এর আগে, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বিসিবি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে বাঁহাতি পেসার মুস্তাফিজকে ৯ কোটি ২০ লক্ষ রুপি রেকর্ড মূল্যে দলে ভেড়ায় কেকেআর। তবে দেশটির কিছু উগ্রপন্থী ও রাজনৈতিক নেতাদের চাপের পর বিসিসিআইয়ের পরামর্শে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা। বিষয়টি নিয়ে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশে।

মুস্তাফিজের পুরো ঘটনাই প্রভাব ফেলেছে ভারতে ৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। শনিবার রাত থেকেই বিষয়টি নিয়ে বৈঠক করছে বিসিবি। এরই মধ্যে বিশ্বকাপে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত