লেবানন যেন আরেকটি গাজায় পরিণত ‘না’ হয়: স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী

| আপডেট :  ৩০ জুন ২০২৬, ০২:৩৯  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৬, ০২:৩৯

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে লেবাননকে ‘আরেকটি গাজায়’ পরিণত হতে দেয়া যাবে ‘না’ বলে মন্তব্য করেছেন স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাই ব্লানার। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্লানার। স্লোভাক সংবাদ সংস্থা টিএএসআরের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

ব্লানার বলেন, ‘আমরা চাই না লেবানন গাজার আরেকটি অংশে পরিণত হোক। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেগুলো ইসরায়েলকেও মেনে চলতে হবে।’

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট—বিশেষ করে গাজা উপত্যকা এবং ইরানকে ঘিরে উত্তেজনা সামরিক শক্তি দিয়ে নয়, বরং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সমাধান করা সম্ভব।

স্লোভাক পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সংঘাত মোকাবিলায় স্লোভাকিয়া ও স্পেনের অবস্থান প্রায় অভিন্ন। দুই দেশই সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক আইন মেনে সংকট সমাধানের পক্ষে।

তার ভাষ্য, সংঘাত নিরসনে আলোচনার পথ খোলা রাখা এবং আন্তর্জাতিক চুক্তির প্রতি সব পক্ষের শ্রদ্ধাশীল থাকা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্লানারের এই মন্তব্য এমন সময় এলো, যখন গাজা যুদ্ধের পাশাপাশি লেবানন সীমান্তেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা বাস্তবায়ন নিয়েও কূটনৈতিক তৎপরতা চলছে। এমন প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত