অরুণাচল প্রদেশে ৫ ভারতীয় সেনাসদস্য নিখোঁজ

| আপডেট :  ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৪  | প্রকাশিত :  ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৪

 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যায় ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেছে। এতে ৫ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। পানির স্রোতে আটকা পড়া সাত সেনাসদস্যের মধ্যে দুজনকে উদ্ধার করা হলেও পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছেন সেনা ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার (১৫ আগস্ট) অরুণাচল প্রদেশের স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (এসইওসি) ৫ সেনাসদস্য নিখোঁজের এই তথ্য জানিয়েছে।

তারা জানিয়েছে, দিবাং ভ্যালিতে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাসু পানিতে আকস্মিক বন্যা আঘাত হানে। মিপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের ওই এলাকায় পানির বিশাল স্রোত নিচে নেমে এলে আশপাশের এলাকা প্লাবিত হয়।

পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, পাসু পানি আর্মি ক্যাম্পে ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেলে সাত সেনাসদস্য পানির স্রোতে আটকা পড়েন। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সেনাসদস্যদের মধ্যে রয়েছেন হাবিলদার উপেন্দর এবং কুন্দন, বিনোদ, আদিত্য ও সামুন্দা। পঙ্কজ কুমার বলেন, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং জেলার ডিডিএমওর সদস্যরা বর্তমানে উদ্ধার ও তল্লাশি অভিযানে কাজ করছেন।

ভারতীয় সেনাবাহিনীর ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দলও অভিযানে অংশ নিয়েছে। ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) ৫৮তম ব্যাটালিয়ন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের (জিআরইএফ) ৬২ আরসিসি, অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও উদ্ধার অভিযানে সহায়তা করছেন।

পাসিঘাট থেকে ১০ সদস্যের একটি এসডিআরএফ দলও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। সেনা ক্যাম্প ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।

এদিকে শুক্রবার আপার সুবানসিরি জেলায় পৃথক ঘটনায় কেওজারিং-বিয়াচিং সড়কের একটি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মাটির নিচে চাপা পড়েন এবং চারজন নিহত হন বলে জানিয়েছে এসইওসি।

নিহতদের পরিচয় হিসেবে তাদু বাকি, তাজি রাই, মার্কোশ বাসুমাতারি ও বাবুল আলীর নাম জানানো হয়েছে। বাবুল আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের মরদেহ উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নাচো থানার পুলিশ সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দাপোরিজো থেকে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সদস্যদেরও ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। এসডিআরএফের একটি দলও উদ্ধার অভিযানে সহায়তা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত