লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

| আপডেট :  ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪  | প্রকাশিত :  ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে আবহাওয়াবিদ বলেন, এই লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, দুদিনের মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এর গতিপথ ওড়িশার দিকে থাকার সম্ভাবনা বেশি। এর প্রভাবে ২৩ সেপ্টেম্বরের পর বাংলাদেশে বৃষ্টি বাড়বে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে।মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত