যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটি ঘিরে বোমাতঙ্ক, বেশ কয়েকজন গ্রেপ্তার

যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়িঘর খালি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ। সেখানে বিস্ফোরক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর আল জাজিরার।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েলফোর্ডের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে কাছের একটি বিনোদন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শহরটি আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে অবস্থিত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানে হামলা চালাতে মার্কিন বাহিনী এই ঘাঁটিটি ব্যবহার করেছে।
ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন প্রতিনিধি জানান, সশস্ত্র পুলিশ সদস্যরা ঘাঁটিটির মূল ফটকে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। প্রবেশপথগুলোর সামনে নানা সরঞ্জাম রাখা হয়েছে। সেখানে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসসহ প্রায় ৩০টি জরুরি সেবার যানবাহন দেখা গেছে।
ঠিক কী কারণে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে কোনও বিস্ফোরক পাওয়া গেছে কি না, কিংবা তারা বিমানঘাঁটিকে কেন্দ্র করে কোনও অপরাধ সংঘটনের চেষ্টা করেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, তারা ঘটনাটির বিষয়ে অবগত রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
