অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। গত ১৭ বছর দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এবং মানুষকে কথা বলার সুযোগ দেয়া হয়নি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন সবার জন্য সমান নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে।
তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করেছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব বিএনপিকে দিয়েছে। বিএনপি তার সর্বশক্তি দিয়ে আইনের শাসন নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা পরিস্থিতি পরিবর্তন করে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু আমরা খেয়াল করছি, কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বন্ধ মিল-কারখানা চালুর মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব কাজে কোনও ধরনের বিঘ্ন ঘটলে তার ক্ষতি দেশের সাধারণ মানুষেরই হবে।
প্রধানমন্ত্রী বলেন, অরাজকতা তৈরির চেষ্টা করছে এমন রাজনৈতিক শক্তির অতীত ভূমিকা দেশের মানুষের মনে আছে। একাত্তরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সে সময় তারা কীভাবে অন্যায় করেছিল এবং মা-বোনদের হয়রানি ও নির্যাতন করেছিল, তা প্রবীণ নাগরিকদের স্মরণে রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
