দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ মৌকরনের মাদক কারবারি গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস মৌকরনের ইয়াবাসহ মো. ইলিয়াস খাঁ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. ইলিয়াস খাঁ পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরন এলাকার ৬ নং ওয়ার্ডের মুছা খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দুমকি থানা পুলিশের এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল লেবুখালী টোল প্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন ইলিয়াস খাঁকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুমকি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে পূরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
