আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে উপকারভোগীদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

| আপডেট :  ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬  | প্রকাশিত :  ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার সান্তাহার ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আতাউর রহমানের বিরুদ্ধে পাঁচ শতাধিক উপকারভোগীর নিকট থেকে একশত টাকা করে হাতিয়ে অভিযোগ মিলেছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য কর্মকর্তাকের অবহিত করেছেন সচেতন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে পাঁচ শতাধিক উপকারভোগীদের ১৫ টাকা কেজি দরে মাসিক চাল বিক্রির জন্য আতাউর রহমান নামের একজন ডিলার নিয়োগ দেয়া রয়েছে। ওই ডিলারের আওতায় ইউনিয়নের উৎরাইল, বামনীগ্রাম, জাহানাবাজ, কায়েতপাড়া, কাশিমিলা, প্রসাদখালী, দমদমা ও সান্দিড়া গ্রামের পাঁচ শতাধিক উপকারভোগী রয়েছে।

মঙ্গলবার ওই ডিলারের বিক্রয় পয়েন্ট দমদমা গ্রামে চাল বিক্রি শুরু করা হয়। উপকারভোগীদের অভিযোগ চাল বিক্রির আগে ডিলার আতাউর রহমান নিজে উপকারভোগীদের নিকট থেকে নতুন কার্ড করে দেওয়ার কথা বলে জন প্রতি ১০০ টাকা করে দাবি করেন। উপকারভোগীরা টাকা দিতে রাজি না হলে ডিলার চাল বিক্রি বন্ধ করে দেয়ার হুমকি দেন। নিরুপায় হয়ে উপকার ভোগীরা ডিলারকে ১০০ টাকা করে দিতে বাধ্য হয়। টাকা গ্রহনের পর ডিলার চাল বিক্রি শুরু করে।

ইউনিয়নের উৎরাইল গ্রামের উপকারভোগী মাসুদ রানা ও মুকুলসহ কয়েকজন জানান, তারা ডিলারের দাবি করা টাকা দিতে রাজী হননি কিন্তু ডিলার আতাউর চাপে ফেলে টাকা নিয়ে পরে চাল বিক্রি করেন।

একই ভাবে দমদমা গ্রামের বাসিন্দা ভুট্রো মিয়া ও প্রসাদখালী গ্রামের সত্যেন হালদার বলেন, তাদের নিকট থেকেও ডিলার ১০০ টাকা করে দাবি করেছেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে ডিলার আতাউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের নিকট টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিষেধ করায় এবং উপজেলা নির্বাহী অফিসার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পর টাকা ফেরত দেওয়া শুরু করেছি।

উপজেলা খাদ্য কর্মকর্তা খন্দকার আবুল বাসার বলেন, উপজেলা খাদ্য বিভাগ থেকে উপকারভোগীদের কার্ড সরবরাহ করা হয়, ডিলার আতাউর রহমান আমাকে না জানিয়ে উপকারভোগীদের নিকট থেকে কার্ডের জন্য টাকা নিয়ে অন্যায় করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, উপকারভোগীদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বিষয়টি আমার নজরে এসেছে, বিষয়টি উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত