হরমুজ প্রণালিতে ভয়াবহ হামলায় ডুবে গেল পণ্যবাহী দুই জাহাজ

গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীর কাছে দুটি পৃথক ঘটনায় ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে পণ্যবাহী দুটি জাহাজ ডুবে গেছে। গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ইরান হামলা জোরদার করার পর এমন ঘটনা ঘটেছে। খবর সিএনএনের।
সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রণালিটি অতিক্রম করার সময় হামলার শিকার হয়। এরপর আগুন ধরে এটি ডুবে যায়। তবে জাহাজের সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পানি ঢুকে পড়ার সময় জাহাজটি থেকে কালো ধোঁয়া উঠছে। পরবর্তী ফুটেজ ও স্যাটেলাইট চিত্রে পানিতে ছড়িয়ে থাকা মালামাল ও সামান্য তেলের আস্তরণ দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, জাহাজটি ‘অননুমোদিত একটি রুটে চলাচলের সময় সামুদ্রিক মাইনে আঘাত করেছিল’।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) বুধবারের (১৪ অক্টোবর) তথ্য অনুযায়ী, অ্যান্টিগা ও বারবুডার পতাকাবাহী মার্চেন্ট জাহাজ ‘কেপ দাও’-ও ডুবে গেছে। গত ২৩ সেপ্টেম্বর এটি প্রথমবার হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় ভারতীয় এক ক্রু নিহত হন।
চলতি বছর হরমুজ প্রণালিতে অনেক জাহাজে হামলা হলেও আইএমও-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে ডুবে যাওয়া জাহাজগুলোর মধ্যে এগুলো দ্বিতীয় ও তৃতীয়। সেপ্টেম্বরের শেষ দিক থেকে হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল পরিবহনের পরিমাণ আবারও কমে গেছে। বিশ্বজুড়ে ফের চড়ছে তেলের দাম।
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আর হামলা চালাবেন না তিনি। কিন্তু হরমুজে ইরানের লাগাতার হামলার কারণ এখন বৈশ্বিক জ্বালানির বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। এতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে বৈ কমছে না।
নৌ-পরিবহন সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য বলছে, গত সোমবার (১২ অক্টোবর) থেকে হরমুজ প্রণালি ও তার আশপাশে একটি ট্যাংকারে ড্রোন হামলাসহ মোট নয়টি হামলার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
