চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে

অক্টোবরের নির্বাচনে হেরে যাওয়ার পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী দলগুলো একজোট হয়ে নতুন সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।
এতদিন বিরোধীদের কড়া সমালোচনা করলেও এখন তিনি হঠাৎ করেই সবাইকে নিয়ে এক ঐক্যবদ্ধ সরকার গড়ার কথা বলছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গড়ার দায়িত্ব দেওয়া মাত্রই নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, বিরোধী জোট সরকার গড়লে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে।
তবে নেতানিয়াহুর এই হুঁশিয়ারি ও ঐক্যের ডাককে রাজনৈতিক কৌশল এবং সময় কেনার চেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইসরাইলি সংসদের ১২০টি আসনের মধ্যে সরকার গড়তে দরকার ৬১টি আসন। ঐতিহ্যগতভাবে নেতানিয়াহুর পাশে থাকা ধর্মভিত্তিক কয়েকটি দল এবার তার পাশ থেকে সরে গিয়ে গাদি আইজেনকোটের বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে বিরোধী জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৬৭-তে। ফলে নতুন নেসেটে নিজের জোটে আসন বাড়াতে তীব্র চাপ ও দরকষাকষির মুখে পড়েছেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর জন্য এই ক্ষমতার লড়াই শুধু প্রধানমন্ত্রী থাকা বা না থাকার বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে রয়েছে তার ব্যক্তিগত ভবিষ্যৎ ও স্বাধীনতা। ক্ষমতা হারালে তাকে একদিকে যেমন পুরনো দুর্নীতির মামলার মুখোমুখি হতে হবে, তেমনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকানোয় সরকারের চরম ব্যর্থতার দায়ও সরাসরি তার ওপর এসে পড়বে। বিশেষ করে, নতুন সংসদে শপথ নেওয়া বহু সদস্য এবং খোদ গাদি আইজেনকোট নিজে এই যুদ্ধে স্বজনদের হারিয়েছেন। ফলে সংসদে এখন ৭ অক্টোবরের ব্যর্থতার তদন্ত নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হতে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিকভাবে নেতানিয়াহু এখন তার জীবনের সবচেয়ে কঠিন ও কোণঠাসা মুহূর্তে আছেন। বিরোধী দলগুলো তাকে আর কোনো রাজনৈতিক ছাড় দিতে রাজি নয়। এই মুহূর্তে নতুন কোনো বড় ধরনের নিরাপত্তা সংকট বা আঞ্চলিক যুদ্ধ তৈরি করা ছাড়া ক্ষমতা টিকিয়ে রাখার অন্য কোনো পথ তার সামনে খোলা নেই।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
