আধুনিক ও ডিজিটাল শিক্ষাদানে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে যবিপ্রবিতে কর্মশালা

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি: আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের নবম তলার সম্মেলনকক্ষে ‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) যৌথ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইসিটি সেলের পরিচালক ড. এ এফ এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, হিট প্রকল্পের কর্মকর্তারা এবং দপ্তরপ্রধানরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে ড. এ এফ এম শাহাব উদ্দীন বলেন, সীমিত জনবল ও সম্পদ নিয়েও আইসিটি সেল দ্রুত ও সহজভাবে সেবা দিতে কাজ করছে। হিট প্রকল্প ও বিডিরেনের সহযোগিতায় শিগগিরই বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসের নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক ডিজিটাল রূপান্তরে আইসিটি সেল কাজ করতে চায় বলেও জানান তিনি।
কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বিডিরেনের জেনারেল ম্যানেজার (জিএম) কেএইচ. রাশেদুল আরেফিন। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন বিডিরেনের সিএমও এখলাস উদ্দীন আহমেদ এবং হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান। তাঁরা ডিজিটাল কনটেন্ট তৈরি, অনলাইন শিক্ষাদান, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা এবং শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
