ফেসবুক পেজের মালিকানা দ্বন্দ্বে শাহাদাতের হাত ভেঙে দিলো বনি আমিন

| আপডেট :  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫  | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫

পটুয়াখালীতে জনপ্রিয় ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’ এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কনটেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাত হোসেনের (২৪) এর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই পেজের আরেক মালিক বনি আমিনের নাম উঠে এসেছে। হামলায় গুরুতর আহত শাহাদাত হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচন্না গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ও বনি আমিন যৌথভাবে ‘বিনোদন ভাই’ পেজটি তিন বছর ধরে পরিচালনা করছিলেন। তবে পেজটি মনিটাইজেশনের আওতায় আসার পর বনি আমিন একক মালিকানা দাবি করলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ কারণে শফিক পেজের কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়েন।

এই বিরোধের জেরে শফিকুলের বড় ভাই শাহাদাত হোসেন প্রতিবাদ করলে এক সপ্তাহ আগে বনি আমিন মেসেঞ্জারে শফিককে হুমকি দেন। হুমকিতে তিনি লেখেন, ‘তোর ভাইরে একলাচা মাইর দিমু, ওয়া দিমুই দিমু, তাতে জেল ফাঁসি যা হয় হোক।’

প্রত্যক্ষদর্শীদের মতে, ১৪ ফেব্রুয়ারি বিকেলে এই হুমকি বাস্তবে রূপ নেয়। বনি আমিন ও তার সহযোগীরা শাহাদাতের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেন বলে অভিযোগ উঠেছে।

আহত শাহাদাত হোসেন বলেন, আমি শুধু আমার ভাইয়ের জন্য ন্যায়বিচার চেয়েছি। কিন্তু সে কারণে আমার ওপর হামলা হলো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শফিকুল ইসলাম বলেন, আমার ভাই অন্যায়ের প্রতিবাদ করায় তার ওপর হামলা হয়েছে। আমিও একাধিকবার হামলার শিকার হয়েছি। আমরা এর ন্যায়বিচার চাই।

অভিযুক্ত বনি আমিন হামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি শাহাদাতকে মেরেছি এটা সত্যি, তবে টাকার কারণে নয়। আমাদের পারিবারিক সমস্যা রয়েছে, তাই মেরেছি।’

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শুক্রবার বনি আমিন ফোন করে জানিয়েছেন যে তার উপরও হামলা হয়েছে এবং তিনি মামলা করতে চান।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সম্পত্তি ও আর্থিক স্বার্থ নিয়ে এমন দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে এ ধরনের ঘটনা এড়াতে এবং সঠিক মালিকানা নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত