যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে একাধিক শর্ত দিলো ইরান

বৈরিতার ইতি টেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের কথা কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে আলোচনার জন্য ইরানের শর্ত, ওয়াশিংটনকে সামাল দিতে দেশটির নীতি এবং যুদ্ধের জন্য দেশটির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেছেন তিনি। সাক্ষাৎকারে রেজাই জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। ইরান তাদের কাছে আলোচনার শর্তাবলি হস্তান্তর করেছে।
ইরানের শর্তগুলো হচ্ছে, সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দকৃত সব সম্পদ দ্রুত ছাড় এবং নৌ-অবরোধ প্রত্যাহার। যুক্তরাষ্ট্র এসব শর্ত মানলেই কেবল যুদ্ধ বন্ধ করে দুই পক্ষ আলোচনার পরবর্তী ধাপ শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রেজাই।
তিনি বলেন, যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য ইরানের দেয়া শর্ত মেনে নেয়াটাই ওয়াশিংটনের জন্য সুবিধাজনক হবে। ট্রাম্পের হুমকিতে কোনও কাজ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন, ইরান চূড়ান্ত যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
রেজাই আরও জানান, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক থেকে সরে আসার পর ওয়াশিংটনের প্রতি কৌশল পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে ইরান। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্টের মূল্যায়ন ও হিসাব-নিকাশ ভুল ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনাতেই ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছেন বলে দাবি তার।
মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতা সম্পর্কে ইরানের সম্যক ধারণা রয়েছে। আগের যেকোনও সময়ের চেয়ে মার্কিন এয়ার ক্যাম্পেইন ঠেকাতে ইরান বেশি প্রস্তুত বলে জানান তিনি। এ ছাড়া সম্প্রতি একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরান জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলেও জানান তিনি।
রেজাই জোর দিয়ে বলেন, প্রতিরক্ষার বিষয়ে ইরান অত্যন্ত কঠোর। আক্রমণ করা হলে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং ওয়াশিংটনের স্বার্থসংশ্লিষ্ট স্থানগুলোতে আরও তীব্র শক্তিতে আঘাত হানা হবে।
এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত নিয়ে রেজাই যোগ করেন, সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যকার যুদ্ধের অবসান চায় ইরান। সৌদি আরবের সঙ্গে চুক্তির মাধ্যম হুতিরা সংঘাতের ইতি টানতে চায় বলে বিশ্বাস তার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
